
রাজশাহী মহানগরীতে নিরাপদ মাংস সরবরাহ নিশ্চিত করতে আধুনিক মিট প্রসেসিং সেন্টার (কসাইখানা) নির্মাণ এবং কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানাকে আধুনিকায়নের উদ্যোগ নিয়ে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, এ দুটি প্রকল্প বাস্তবায়নে সরকার সার্বিক সহযোগিতা করবে।
সোমবার (১৩ জুলাই) দুপুরে রাজশাহী সিটি করপোরেশনের নগর ভবনের সিটি হলরুমে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন।

রাজশাহীতে হবে আধুনিক মিট প্রসেসিং সেন্টার, আধুনিকায়ন হবে চিড়িয়াখানা
প্রতিমন্ত্রী বলেন, রাজশাহীতে মিট প্রসেসিং সেন্টার নির্মাণ এবং চিড়িয়াখানার আধুনিকায়নে রাসিক প্রশাসকের উদ্যোগ প্রশংসনীয়। এ দুটি প্রকল্প বাস্তবায়নের পাশাপাশি রাজশাহীর সার্বিক উন্নয়নেও মন্ত্রণালয়ের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা দেওয়া হবে।
তিনি জানান, প্রস্তাবিত আধুনিক মিট প্রসেসিং সেন্টারে পশু জবাইয়ের আগে স্বাস্থ্য পরীক্ষা, ইসলামি শরিয়াহসম্মত হালাল পদ্ধতিতে জবাই, আধুনিক ল্যাবের মাধ্যমে মাংসের মান নিয়ন্ত্রণ, কোল্ড চেইন সুবিধা এবং পরিবেশবান্ধব বর্জ্য ব্যবস্থাপনার ব্যবস্থা থাকবে। এতে নিরাপদ মাংস সরবরাহ নিশ্চিত হওয়ার পাশাপাশি কসাই ও মাংস ব্যবসায়ীরাও উপকৃত হবেন। এছাড়া পশুর কোনো অংশ অপচয় না করে গবেষণার মাধ্যমে রপ্তানি, জৈব সার ও বায়োগ্যাস উৎপাদনেও ব্যবহার করা হবে।
রাজশাহী কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানার বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, দীর্ঘদিনের দাবি অনুযায়ী চিড়িয়াখানাটিকে আধুনিকায়ন করা প্রয়োজন। এ বিষয়ে তিনি প্রধানমন্ত্রীকে অবহিত করেছেন এবং আধুনিক চিড়িয়াখানা নির্মাণের বিষয়ে প্রধানমন্ত্রীর সম্মতি রয়েছে বলে জানান।
তিনি আরও বলেন, আম, রেশম, কৃষি, মৎস্য উৎপাদন, পরিচ্ছন্নতা ও পর্যটনের সম্ভাবনায় রাজশাহী একটি সমৃদ্ধ অঞ্চল। আধুনিক সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে রাজশাহীর আমের রপ্তানি বৃদ্ধি করে বৈদেশিক মুদ্রা অর্জনের সুযোগ রয়েছে। রাজশাহীর উন্নয়নে প্রয়োজনীয় প্রতিটি উদ্যোগে সরকারের সহযোগিতা অব্যাহত থাকবে।
সভাপতির বক্তব্যে রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন বলেন, দায়িত্ব গ্রহণের পর থেকেই চিড়িয়াখানার আধুনিকায়ন ও নতুন প্রাণী সংযোজনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে প্রতিমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করলে তিনি সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। সেই ধারাবাহিকতায় প্রতিমন্ত্রীর এই পরিদর্শন রাজশাহীবাসীর জন্য ইতিবাচক বার্তা বহন করছে।
তিনি বলেন, নগরবাসীর প্রত্যাশা অনুযায়ী একটি সুন্দর, পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও আধুনিক রাজশাহী গড়ে তুলতে সিটি করপোরেশন কাজ করে যাচ্ছে। উন্নয়ন ও নাগরিকসেবা নিশ্চিত করতে সরকারের নির্দেশনা বাস্তবায়নে সর্বোচ্চ চেষ্টা অব্যাহত থাকবে।
সভায় স্বাগত বক্তব্য দেন রাজশাহী সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম। এছাড়া বিএনপির কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ শাহীন শওকত, প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ডা. মো. বয়জার রহমান, রাজশাহী বিভাগীয় প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক ডা. আনন্দ কুমার অধিকারী, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মহিনুল হাসান, রাজশাহী মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার গাজিউর রহমান, সড়ক ও জনপথ বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আহসান আহমেদ এবং রাজশাহী মাংস ব্যবসায়ী সমিতির সভাপতি আতাহার রহমানসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুধীজন বক্তব্য দেন।
এর আগে বৃষ্টি উপেক্ষা করে প্রতিমন্ত্রী তালাইমারী এলাকায় আধুনিক কসাইখানা নির্মাণের প্রস্তাবিত স্থান পরিদর্শন করেন। সকালে শাহ মখদুম বিমানবন্দরে পৌঁছালে রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটনের নেতৃত্বে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। সেখানে রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রশাসনের কর্মকর্তা এবং গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


