
বিদ্যুৎ ও জ্বালানি তেলের দফায় দফায় মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাজশাহীতে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার (৪ জুন) বিকেল সাড়ে ৫টায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নগরীর সাহেববাজার জিরোপয়েন্ট এলাকায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষের জীবন যখন দুর্বিষহ হয়ে উঠেছে, তখন বিদ্যুৎ ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি জনগণের ওপর নতুন করে চাপ সৃষ্টি করেছে। তারা অভিযোগ করেন, সরকারের এমন সিদ্ধান্ত জনজীবনে নেতিবাচক প্রভাব ফেলবে এবং উৎপাদন ব্যয় বৃদ্ধির মাধ্যমে সামগ্রিক অর্থনীতিতে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করবে।

বক্তারা আরও বলেন, জনগণ বর্তমানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের উচ্চমূল্যের চাপে দিশেহারা। এর মধ্যে বিদ্যুৎ ও জ্বালানির দাম বাড়ানো সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় আরও বাড়িয়ে দেবে। তারা অবিলম্বে মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানান।
সমাবেশে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোতে প্রশাসক নিয়োগের বিষয়েও সমালোচনা করা হয়। বক্তাদের দাবি, জেলা পরিষদ ও সিটি করপোরেশনগুলোতে দলীয় প্রশাসক নিয়োগের মাধ্যমে রাজনৈতিক প্রভাব বিস্তারের চেষ্টা চলছে। তারা অভিযোগ করেন, এসব প্রশাসক দলীয় এজেন্ডা বাস্তবায়নে কাজ করছেন এবং বিভিন্ন প্রতিষ্ঠানকে রাজনৈতিকভাবে নিয়ন্ত্রণের উদ্যোগ নেওয়া হচ্ছে।
রাজশাহী মহানগর জামায়াতের নায়েবে আমির অ্যাডভোকেট আবু মোহাম্মদ সেলিমের সভাপতিত্বে এবং সেক্রেটারি ইমাজ উদ্দিন মণ্ডলের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন মহানগর জামায়াতের নায়েবে আমির ডা. মোহাম্মদ জাহাঙ্গীর, সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মাহবুবুল আহসান বুলবুল ও শাহাদৎ হোসাইন, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন সরকার, ব্যবসা ও কল্যাণ সম্পাদক অধ্যাপক একেএম সারওয়ার জাহান প্রিন্স, অফিস সম্পাদক তৌহিদুর রহমান সুইট এবং যুব বিভাগের সেক্রেটারি সালাউদ্দিন আহমেদ।
সমাবেশ শেষে অংশগ্রহণকারীরা সরকারের বিভিন্ন নীতির প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করেন।


