
আধিপত্যবাদ, একনায়কতন্ত্র ও ফ্যাসিবাদের বিরুদ্ধে জাতীয় ঐক্যের আহ্বান, জিয়াউর রহমান ও ৭ নভেম্বরের চেতনাকে অনুপ্রেরণা বললেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব
বাংলাদেশের পররাষ্ট্রনীতি দিল্লি নয়, এ দেশের জনগণই নির্ধারণ করবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, বাংলাদেশের অভ্যন্তরীণ ও বৈদেশিক নীতি নির্ধারণের অধিকার একমাত্র এ দেশের জনগণের। কোনো আধিপত্যবাদী শক্তি বাংলাদেশের স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়ার অধিকার নিয়ন্ত্রণ করতে পারবে না। মঙ্গলবার (১৭ নভেম্বর) রাজশাহী বিশ্ববিদ্যালয় ও রাজশাহী মেডিকেল কলেজ ছাত্রদল আয়োজিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের পৃথক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, ৭ নভেম্বরের মূল চেতনা হচ্ছে জাতীয় ঐক্য, বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা এবং স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা। এ চেতনা অন্যায়, স্বৈরশাসন ও আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াইয়ের প্রেরণা জোগায়। বাংলাদেশের ভাগ্য ও রাষ্ট্রীয় নীতি নির্ধারণে অন্য কোনো দেশের হস্তক্ষেপ গ্রহণযোগ্য নয়।
ভারতের সঙ্গে সম্পর্কের প্রসঙ্গ টেনে তিনি বলেন, আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার চেতনার কথা বললেও বাংলাদেশের স্বার্থ ও পররাষ্ট্রনীতির স্বাধীনতা প্রশ্নবিদ্ধ করেছে। শেখ হাসিনার ‘আমি ভারতকে যা দিয়েছি, ভারত তা কোনো দিন ভুলবে না’—এ বক্তব্যের মধ্যেই তাদের রাজনীতির স্ববিরোধিতা প্রকাশ পেয়েছে। দেশের স্বার্থ রক্ষায় জনগণের মতামতই সর্বোচ্চ গুরুত্ব পাওয়া উচিত।
আওয়ামী লীগের শাসনামলের সমালোচনা করে বিএনপির এই নেতা বলেন, ১৯৭২ থেকে ১৯৭৫ সাল এবং ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত ক্ষমতা ধরে রাখার প্রবণতা দেখা গেছে। গত ১৭ বছরের শাসন ছিল পুরোনো স্বৈরশাসনের নতুন সংস্করণ। ভোটাধিকার ও মতপ্রকাশের স্বাধীনতা সংকুচিত করা হয়েছিল। একদলীয় বাকশাল প্রতিষ্ঠার মাধ্যমে সংবাদপত্রের স্বাধীনতাও কেড়ে নেওয়া হয়েছিল বলে অভিযোগ করেন তিনি।
৭ নভেম্বরের ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরে রিজভী বলেন, সিপাহী-জনতার মিলিত বিপ্লবের মধ্য দিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে দেশ নতুন রাজনৈতিক দিশা পেয়েছিল। তাঁর আদর্শ ও জাতীয়তাবাদী দর্শন দেশের মানুষকে স্বাধীনতা, নিরাপত্তা ও গণতন্ত্রের প্রশ্নে অনুপ্রাণিত করেছে। জাতীয়তাবাদী রাজনীতি ও ৭ নভেম্বরের চেতনা অন্যায়-অত্যাচারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার শক্তি জুগিয়েছে।
২০২৪ সালের জুলাই আন্দোলনের শহীদদের স্মরণ করে তিনি বলেন, আবু সাঈদ, মীর মুগ্ধ, ফাইয়াজ ও ওয়াসিম আকরামসহ যারা ন্যায় ও অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে প্রাণ দিয়েছেন, তাঁরা ইতিহাসে অমর হয়ে থাকবেন। আবু সাঈদের আত্মত্যাগ সারা দেশের তরুণ, শিক্ষার্থী, শ্রমিক ও সাধারণ মানুষকে আন্দোলনে উদ্বুদ্ধ করেছিল। শিক্ষার্থীদের ‘রাজাকারের নাতিপুতি’ আখ্যা দেওয়ার প্রতিবাদে দেশজুড়ে যে গণজাগরণ তৈরি হয়েছিল, তা শেষ পর্যন্ত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন ঘটায়।
আন্দোলনে প্রাণহানির প্রসঙ্গে রিজভী বলেন, প্রায় ১ হাজার ৪০০ মানুষের মৃত্যু জাতির জন্য গভীর বেদনাদায়ক। এত প্রাণহানির পরও তৎকালীন সরকারের মধ্যে অনুশোচনা দেখা যায়নি বলে অভিযোগ করেন তিনি। তাঁর দাবি, আন্দোলন দমনে রাষ্ট্রীয় বাহিনী ও দলীয় ছাত্রসংগঠনকে ব্যবহার করা হয়েছিল।
বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তিনি বলেন, ককটেল বিস্ফোরণ, গাড়িতে আগুন কিংবা পুলিশের বক্সে অগ্নিসংযোগের মতো ঘটনা ঘটিয়ে গণতন্ত্রের অগ্রযাত্রা থামানো যাবে না। মানুষ স্বাধীনভাবে কথা বলবে, ভিন্নমত প্রকাশ করবে এবং সরকারের সমালোচনা করার কারণে গুম বা নির্যাতনের শিকার হবে না—এমন গণতান্ত্রিক পরিবেশ প্রতিষ্ঠা করতে হবে।
রিজভী আরও বলেন, গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠায় বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল দীর্ঘ ১৭ বছর আন্দোলন করেছে। প্রতিকূলতা ও কারাবাসের মধ্যেও বেগম খালেদা জিয়া গণতন্ত্রের প্রশ্নে আপস করেননি। জাতীয় ঐক্য ও জনগণের সম্মিলিত শক্তিই গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার প্রধান ভিত্তি।
এর আগে দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ ছাত্রদল আয়োজিত আলোচনা সভায় এবং বিকেলে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আয়োজনে কাজী নজরুল ইসলাম মিলনায়তনে পৃথক আলোচনা সভায় বক্তব্য দেন রিজভী।
রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. আব্দুল আলিম, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুনুর রশীদসহ শিক্ষক, কর্মকর্তা ও বিএনপি-ছাত্রদলের নেতারা। রাজশাহী মেডিকেল কলেজ ছাত্রদলের সভাপতি আমরি মীমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রিমন আলীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন, মহানগর বিএনপির সভাপতি মামুনুর রশীদ মামুন, জেলা পরিষদের প্রশাসক এরশাদ আলী ঈশাসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা।



