
তানোর পৌরসভার নতুন কমিটিতে শীর্ষ পদ
মোঃ রায়হান মন্ডল, তানোর (রাজশাহী) রাজশাহীর তানোর উপজেলায় জামায়াতে ইসলামীর রাজনীতি ছেড়ে জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিয়েছেন স্থানীয় এক নেতা। দলবদলের পরপরই তিনি নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মটিতে গুরুত্বপূর্ণ পদ পেয়েছেন। সোমবার (১৬ নভেম্বর) রাতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজশাহী জেলা শাখা তানোর পৌরসভার আহ্বায়ক কমিটি ঘোষণা করলে তাঁকে আহ্বায়কের দায়িত্ব দেওয়া হয়।

নতুন দায়িত্ব পাওয়া এই নেতার নাম মোঃ মাহবুব আলম। তিনি এর আগে তানোর পৌরসভার যুব-বিভাগের সেক্রেটারি এবং ৫ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামীর সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। রাজনীতির পাশাপাশি তিনি বর্তমানে ‘দৈনিক সংগ্রাম’ পত্রিকার তানোর উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন।
মাহবুব আলমের দলত্যাগ এবং পূর্বের সাংগঠনিক অবস্থান সম্পর্কে জানতে চাইলে তানোর উপজেলা জামায়াতের যুব-বিভাগের সভাপতি মোঃ জুয়েল রানা বলেন, “মাহবুব আলম পূর্বে পৌর যুব-বিভাগের সেক্রেটারির দায়িত্ব পালন করেছেন ঠিকই, তবে বর্তমানে তিনি জামায়াতে ইসলামীর কোনো সাংগঠনিক পদে বা দায়িত্বে নেই।”
এদিকে জামায়াতের রাজনীতি ছেড়ে এনসিপিতে যোগদানের বিষয়টি নিশ্চিত করেছেন মোঃ মাহবুব আলম নিজেও। তিনি বলেন, “আমি জামায়াতে ইসলামীর রাজনীতি ছেড়ে আনুষ্ঠানিকভাবে জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগদান করেছি। দল আমাকে তানোর পৌরসভার আহ্বায়কের দায়িত্ব দিয়েছে।” তবে কী কারণে তিনি দীর্ঘদিনের পুরোনো দল ছেড়ে নতুন দলে যোগ দিলেন, সে বিষয়ে স্পষ্ট কোনো মন্তব্য করতে রাজি হননি।
এ বিষয়ে এনসিপির রাজশাহী মহানগর শাখার সদস্য সচিব আতিকুর রহমান জানান, নতুন প্রজন্মের রাজনৈতিক দর্শন ও এনসিপির আদর্শে অনুপ্রাণিত হয়েই মাহবুব আলম তাঁদের সাথে যুক্ত হয়েছেন। তাঁর সাংগঠনিক অভিজ্ঞতা বিবেচনায় নিয়েই তানোর পৌরসভা আহ্বায়ক কমিটিতে শীর্ষ পদ দেওয়া হয়েছে। স্থানীয় রাজনীতিতে তাঁর এই দলবদল ও নতুন পদপ্রাপ্তি নিয়ে নেতাকর্মীদের মাঝে বেশ আলোচনা চলছে।


