
রাজশাহীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিলের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে রাজশাহী মহানগরের শাহমখদুম থানা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। বৃহস্পতিবার (৪ জুন) দুপুর ১২টার দিকে নগরীর নওদাপাড়া এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিলে শতাধিক নেতাকর্মী অংশ নেন। মিছিলটি নওদাপাড়ার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। এ সময় নেতাকর্মীরা ছাত্রলীগবিরোধী বিভিন্ন স্লোগান দেন এবং সংগঠনটির সব ধরনের কার্যক্রম প্রতিহতের ঘোষণা দেন।

সমাবেশে বক্তারা ছাত্রলীগকে ‘গুপ্তলীগ’ আখ্যায়িত করে বলেন, রাজশাহীতে মিছিলের নামে কোনো ধরনের নৈরাজ্য, বিশৃঙ্খলা কিংবা অস্থিতিশীলতা সৃষ্টি করতে দেওয়া হবে না। তারা অভিযোগ করেন, ঝটিকা মিছিলের মাধ্যমে নিষিদ্ধ ঘোষিত সংগঠনটি দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টায় লিপ্ত রয়েছে।
বক্তারা আরও বলেন, আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ যদি পুনরায় রাজপথে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করে, তাহলে জনগণকে সঙ্গে নিয়ে তা রাজনৈতিকভাবে মোকাবিলা করা হবে। একই সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানান তারা।
এদিকে, বুধবার সকালে রাজশাহী নগরীতে ছাত্রলীগের একটি ঝটিকা মিছিলের ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। এরই প্রতিবাদে বৃহস্পতিবার শাহমখদুম থানা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এ বিক্ষোভ কর্মসূচি পালিত হয়।


