
পুঠিয়া ও নাটোরে বিভাগীয় প্রশাসনের তদারকি শুরু; পাঁচ বছরে পুঠিয়ায় ১ লাখ ২০ হাজার গাছ লাগানোর লক্ষ্য
জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা ও পরিবেশের ভারসাম্য রক্ষায় আগামী পাঁচ বছরে সারা দেশে ২৫ কোটি বৃক্ষরোপণের উদ্যোগ নিয়েছে সরকার। তবে শুধু গাছ লাগানো নয়, রোপিত গাছের অস্তিত্ব ও যথাযথ পরিচর্যা নিশ্চিত করতে মাঠপর্যায়ে তদারকি শুরু করেছে রাজশাহী বিভাগীয় প্রশাসন।

এর অংশ হিসেবে বৃহস্পতিবার (১২ নভেম্বর) দিনব্যাপী রাজশাহীর পুঠিয়া উপজেলার বিভিন্ন এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি পরিদর্শন করেন বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার আকলিমা আক্তার। একই দিন নাটোর সদর উপজেলার বৃক্ষরোপণ কার্যক্রম পরিদর্শন করেন সিনিয়র সহকারী কমিশনার মিথিলা দাস।
পরিদর্শনকালে রোপিত গাছের বর্তমান অবস্থা, বৃদ্ধি ও পরিচর্যার বিষয়গুলো সরেজমিনে পর্যবেক্ষণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন পুঠিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিয়াকত সালমান এবং সহকারী কমিশনার (ভূমি) ও পুঠিয়া পৌরসভার প্রশাসক প্রসঞ্জিত সাহা।
পরিদর্শনে সড়কের দুই পাশের রোপিত গাছগুলোর অবস্থা সন্তোষজনক দেখা গেছে। এসব গাছ বড় হলে এলাকার সৌন্দর্য বৃদ্ধির পাশাপাশি তাপমাত্রা নিয়ন্ত্রণ, বায়ুদূষণ কমানো ও জীববৈচিত্র্য সংরক্ষণে ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
বিভাগীয় প্রশাসন জানিয়েছে, আগামী পাঁচ বছরে সারা দেশে ২৫ কোটি গাছ রোপণের লক্ষ্যমাত্রা বাস্তবায়নে বিভাগীয় কমিশনার কাজী মোহাম্মদ সাইফুল ইসলাম মাঠপর্যায়ে তদারকির উদ্যোগ নিয়েছেন। শুধু গাছ লাগানো নয়, প্রতিটি গাছের অস্তিত্ব ও যথাযথ পরিচর্যা নিশ্চিত করাই এ কার্যক্রমের অন্যতম লক্ষ্য। কর্মসূচির অগ্রগতি পর্যবেক্ষণে নিয়মিত মনিটরিং অব্যাহত থাকবে।
পুঠিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা লিয়াকত সালমান বলেন, ‘আগামী পাঁচ বছরে পুঠিয়া উপজেলায় ১ লাখ ২০ হাজার গাছ রোপণের লক্ষ্যমাত্রা নিয়ে আমরা কাজ করছি। চলতি ২০২৬ অর্থবছরে ২০ হাজার গাছ রোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে কার্যক্রম বাস্তবায়ন করা হয়েছে। রোপিত গাছগুলো বাঁচিয়ে রাখতে নিয়মিত পরিচর্যা ও তদারকি করা হচ্ছে। গাছগুলো বড় হলে সড়কের সৌন্দর্য বৃদ্ধির পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’


