
নিজস্ব প্রতিবেদক
রাজশাহীর তানোর উপজেলার ময়েনপুর গ্রামে শতবর্ষী এক বটবৃক্ষের নিচে অনুষ্ঠিত হয়েছে বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন-২০২৬। কৃষির সংকট, পানির সুষ্ঠু ব্যবহার, পরিবেশবান্ধব চাষাবাদ ও ভবিষ্যৎ চ্যালেঞ্জ নিয়ে সম্মেলনে আলোচনা করেন বক্তারা। তাঁরা রাসায়নিক উপাদানের ওপর নির্ভরতা কমিয়ে প্রাকৃতিক পদ্ধতিতে নিরাপদ ফসল উৎপাদন এবং নারী কৃষকদের যথাযথ স্বীকৃতির ওপর গুরুত্ব দেন।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে শুরু হওয়া দিনব্যাপী এ সম্মেলনে সভাপতিত্ব করেন বরেন্দ্র ইয়ুথ ফোরামের সভাপতি আতিকুর রহমান আতিক। বেলা ১১টার দিকে জাতীয় সংগীত পরিবেশন ও সভাপতির শুভেচ্ছা বক্তব্যের মধ্য দিয়ে আনুষ্ঠানিকতা শুরু হয়। মূল প্রবন্ধ উপস্থাপন করেন বারসিকের নৃবিজ্ঞানী ও আঞ্চলিক সমন্বয়কারী মো. শহিদুল ইসলাম।
বিশেষ অতিথির বক্তব্যে রাজশাহী কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মো. জুয়েল কিবরিয়া বলেন, বরেন্দ্র অঞ্চলের মানুষের জীবন-জীবিকা মূলত কৃষিনির্ভর। উল্লেখযোগ্য শিল্পকারখানা না থাকায় কৃষিই এখানকার মানুষের আয়ের প্রধান উৎস। কিন্তু পানির সংকটসহ নানা সমস্যায় কৃষি ক্রমেই চ্যালেঞ্জের মুখে পড়ছে। এসব সমস্যা চিহ্নিত করে সমাধানের পথ খুঁজতেই এ সম্মেলনের আয়োজন।
তিনি বলেন, বিদেশি কীটনাশক ও রাসায়নিক উপাদানের ওপর নির্ভরতা কমিয়ে প্রাকৃতিক পদ্ধতিতে নিরাপদ ও মানসম্মত ফসল উৎপাদনে উদ্যোগ নিতে হবে। রাসায়নিক উপাদানের ব্যবহার উৎপাদন খরচ বাড়ানোর পাশাপাশি পরিবেশ ও জীববৈচিত্র্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে।
সংগঠনটির সাধারণ সম্পাদক পলি রানী প্রকৃতি ও পরিবেশ রক্ষার উদ্যোগ জোরদারের পাশাপাশি নারী কৃষকদের যথাযথ স্বীকৃতি দেওয়ার দাবি জানান।
আলোচনায় আরও অংশ নেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের সাবেক অধ্যাপক ড. বিধান চন্দ্র দাস, গ্রিন কোয়ালিশনের সভাপতি রহিমা খাতুন, স্বশিক্ষিত কৃষক নূর মোহাম্মদ এবং ঐতিহ্যবাহী বটবৃক্ষ সংরক্ষণে ভূমিকা রাখা স্থানীয় বাসিন্দা আবদুল লতিফ।
সম্মেলনে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা অংশ নেন। সংগঠনগুলোর কার্যক্রমের স্বীকৃতি হিসেবে সম্মাননা স্মারক, ক্রেস্ট ও সনদপত্র দেওয়া হয়। পাশাপাশি সম্মেলনস্থলে বিভিন্ন প্রজাতির শাকসবজি, বীজ ও কৃষিজ শস্যের প্রদর্শনীর আয়োজন করা হয়।


