
ভারতীয় সহকারী হাইকমিশনে শ্রদ্ধা নিবেদন, আদিবাসী সংস্কৃতির ঐতিহ্যবাহী নৃত্য পরিবেশন
রাজশাহীতে আদিবাসী নেতা ও ব্রিটিশবিরোধী আন্দোলনের অন্যতম বিপ্লবী ভগবান বিরসা মুন্ডার ১৫১তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে তাঁর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সোমবার (১৬ নভেম্বর) বিকেলে নগরীর ভদ্রা আবাসিক এলাকায় ভারতীয় সহকারী হাইকমিশন কার্যালয়ে ‘জনজাতীয় গৌরব দিবস’ হিসেবে দিনটি উদযাপন করা হয়। অনুষ্ঠানের শুরুতে পঞ্চপ্রদীপ প্রজ্বালনের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন রাজশাহীর ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার। পরে তিনি বিরসা মুন্ডার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
আলোচনা সভায় মনোজ কুমার বলেন, মাত্র ২৫ বছর বয়সে বিরসা মুন্ডা ব্রিটিশ ঔপনিবেশিক শাসন, জমিদারি শোষণ ও অন্যায়ের বিরুদ্ধে মুন্ডা সম্প্রদায়ের মানুষকে ঐক্যবদ্ধ করেছিলেন। তাঁর নেতৃত্বে গড়ে ওঠা ‘উলগুলান’ আন্দোলন স্বাধীনতা, মর্যাদা ও ন্যায়বিচারের প্রতীক হয়ে আছে। রাজনৈতিক সংগ্রামের পাশাপাশি আদিবাসী সমাজের ধর্মীয় ও সামাজিক পুনর্জাগরণেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
তিনি বলেন, জনজাতীয় গৌরব দিবস শুধু বিরসা মুন্ডাকে স্মরণের দিন নয়, ভারতের স্বাধীনতা সংগ্রামে অবদান রাখা অসংখ্য আদিবাসী নেতা ও জনগোষ্ঠীর আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানানোর উপলক্ষ। বাংলাদেশেও বিভিন্ন আদিবাসী জনগোষ্ঠীর সমৃদ্ধ ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্য রয়েছে। এসব জনগোষ্ঠীর অধিকার ও সাংস্কৃতিক পরিচয় সংরক্ষণে গুরুত্ব দেওয়া প্রয়োজন।
মনোজ কুমার আরও বলেন, বিরসা মুন্ডার জীবনাদর্শ কোনো ভৌগোলিক সীমানায় সীমাবদ্ধ নয়। জনগোষ্ঠীর অধিকার, মর্যাদা, ন্যায়বিচার ও ঐতিহ্য সংরক্ষণের শিক্ষা সবার জন্য প্রাসঙ্গিক।
অনুষ্ঠানে বক্তব্য দেন রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. এরশাদ আলী ঈশা, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের বিশেষ পুলিশ সুপার (সিটিএসবি) মো. মনিরুল ইসলাম, অনগ্রসর সমাজ উন্নয়ন সংস্থার (আসুস) নির্বাহী পরিচালক রাজকুমার শাও এবং দিঘোরী রাজা পরিষদের সভাপতি শ্রী নিরেন চন্দ্র খালকো।
আলোচনা সভা শেষে বিভিন্ন আদিবাসী জনগোষ্ঠীর শিল্পীরা নিজ নিজ সম্প্রদায়ের ঐতিহ্যবাহী নৃত্য পরিবেশন করেন।


