
পবায় দেশীয় মাছের প্রজনন ও পানিপ্রবাহ বাধাগ্রস্ত করার অভিযোগে অভিযান; একজনকে জরিমানা
রাজশাহীর পবা উপজেলার বাগধানীতে জোয়াখালে অবৈধ বাঁধ দিয়ে পানির স্বাভাবিক প্রবাহ বন্ধ করে মাছ চাষের চেষ্টার অভিযোগে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় প্রায় ২০০ ফুট নিষিদ্ধ চায়না দুয়ারি ও রিং জাল জব্দ করে পুড়িয়ে ফেলা হয়। ধ্বংস করা হয় বাঁধ নির্মাণে ব্যবহৃত বাঁশের বেড়া ও অন্যান্য অবকাঠামো। এ ঘটনায় একজনকে এক হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) বিকেলে অভিযান পরিচালনা করেন পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইবনুল আবেদীন। অভিযানে উপজেলা মৎস্য কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও স্থানীয় বাসিন্দারা অংশ নেন।
ইউএনও জানান, মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০-এর আওতায় এ অভিযান চালানো হয়। খালের একটি অংশে অবৈধভাবে বাঁধ দিয়ে পানিপ্রবাহ বন্ধ করে মাছ চাষ বা আহরণের প্রস্তুতি নেওয়া হচ্ছিল। সেখানে নিষিদ্ধ চায়না দুয়ারি ও রিং জালও পাওয়া যায়। 
এ ঘটনায় মো. আলমগীর (২৭) নামে একজনকে এক হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। খালে বেড়া দেওয়ার সঙ্গে জড়িত থাকার কথা তিনি স্বীকার করেছেন বলে জানান ইউএনও।
তিনি বলেন, নদী-খাল-বিল দেশীয় ছোট মাছের গুরুত্বপূর্ণ প্রাকৃতিক অভয়াশ্রম। এসব জলাশয়ে অবৈধ বাঁধ ও প্রতিবন্ধকতা তৈরি হলে মাছের প্রজনন ও স্বাভাবিক বিচরণ ব্যাহত হয়। দেশীয় মাছের প্রাচুর্য ফিরিয়ে আনতে উপজেলা মৎস্য কার্যালয়ের সঙ্গে সমন্বয় করে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


