
রাজশাহীর বাগমারায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের চার নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১৫ নভেম্বর) সন্ধ্যায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। পরে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন বাসুপাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও বেসরকারি সংস্থা তোরা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক কামরুল ইসলাম (৩৮), শ্রীপুর ইউনিয়ন আওয়ামী লীগের কর্মী ও ইউপি সদস্য ইনতাব আলী (৪৮), মিরাজুল ইসলাম (৩৮) এবং আকাশ আলী (৪৫)।

পুলিশ জানায়, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আসাদুল ইসলাম শামীম মীরের জন্মদিনে কেক কাটার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওটি পুলিশের নজরে আসার পর অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম কালবেলাকে বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা বাগমারাকে অশান্ত করার চেষ্টা করছেন। এ ঘটনায় অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের চার নেতাকর্মীকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।


