
এসএসসি ও এইচএসসিসহ সব পাবলিক পরীক্ষায় প্রশ্নফাঁস ঠেকাতে নতুন পদ্ধতি চালুর পরিকল্পনা করছে সরকার। এ পদ্ধতিতে পরীক্ষা শুরুর মাত্র এক ঘণ্টা আগে উপজেলা পর্যায়ে প্রশ্নপত্র ছাপানো হবে। পাশাপাশি প্রশ্ন প্রণয়ন, মডারেশন ও পরীক্ষা গ্রহণের পুরো প্রক্রিয়ায় পরিবর্তন আনা হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। সোমবার (১৬ নভেম্বর) বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, দায়িত্ব নেওয়ার পর কোনো পাবলিক পরীক্ষায় প্রশ্নফাঁসের ঘটনা ঘটেনি। তবে প্রশ্নফাঁসের চেষ্টা যে হয়নি, তা নয়। ভবিষ্যতে প্রশ্ন মডারেশন থেকে শুরু করে পরীক্ষা গ্রহণের পুরো ব্যবস্থায় পরিবর্তন আনা হচ্ছে। এ জন্য পরীক্ষা আইনেও পরিবর্তন করা হয়েছে।

শিক্ষা খাতে সরকারের উদ্যোগ তুলে ধরে তিনি বলেন, বর্তমান সরকার শিক্ষা খাতে জিডিপির ২ শতাংশ বরাদ্দ দিয়েছে। কারিগরি শিক্ষার প্রসারে দেশের ৫০৩টি উপজেলায় টেকনিক্যাল স্কুল প্রতিষ্ঠা করা হবে। আগামী ২৪ ডিসেম্বর বিদ্যালয়গুলোতে ফল প্রকাশের দিনই শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হবে।
মানবসম্পদ উন্নয়নের ওপর গুরুত্ব দিয়ে শিক্ষামন্ত্রী বলেন, শুধু অবকাঠামোগত উন্নয়নে একটি জাতির সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়। বর্তমান বিশ্বে মানবসম্পদই সবচেয়ে বড় সম্পদ। তাই দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে শিক্ষাব্যবস্থাকে যুগোপযোগী করতে হবে।
পাবলিক বিশ্ববিদ্যালয়ে ইংরেজি মাধ্যমের শিক্ষার্থীদের অংশগ্রহণ কম থাকার বিষয়টিও তুলে ধরেন তিনি। বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীনবরণে ইংরেজি মাধ্যম থেকে আসা কোনো শিক্ষার্থীকে খুঁজে পাননি বলে জানান শিক্ষামন্ত্রী। এর আগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানে মাত্র তিনজন শিক্ষার্থী ইংরেজি মাধ্যম থেকে এসেছেন বলে জানিয়েছিলেন। এ বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নিতে ইউজিসি চেয়ারম্যানকে আহ্বান জানিয়েছেন বলেও উল্লেখ করেন তিনি।
নবীন শিক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রী বলেন, বর্তমান বিশ্ব অত্যন্ত প্রতিযোগিতাপূর্ণ। এ প্রতিযোগিতায় টিকে থাকতে এখন থেকেই নিজেদের যোগ্য ও দক্ষ করে গড়ে তুলতে হবে। কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ওপর পুরোপুরি নির্ভর না করে প্রকৃত জ্ঞান অর্জনে মনোযোগী হওয়ার পরামর্শ দেন তিনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মামুন অর রশিদ। অতিথি হিসেবে বক্তব্য দেন ইউট্যাবের মহাসচিব অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান ও ইউজিসির সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মামুন। বিশেষ অতিথি ছিলেন বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস জাহান শিরীন এবং নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী।


