
১০ ডিসেম্বরের মধ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শেষ করতে চায় ইসি; বৃহস্পতিবার প্রকাশ হবে ইউনিয়নভিত্তিক তালিকা
দেশের প্রায় ৪ হাজার ৩০০ ইউনিয়ন পরিষদে (ইউপি) পাঁচ ধাপে নির্বাচন আয়োজনের পরিকল্পনা করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রথম ধাপের ভোটের সম্ভাব্য সময় নির্ধারণ করা হয়েছে আগামী ২১ জানুয়ারি। নির্বাচন সামনে রেখে নিবন্ধিত সব রাজনৈতিক দলের সঙ্গে সংলাপও করবে কমিশন। আগামী ১০ ডিসেম্বরের মধ্যে এ সংলাপ শেষ করার পরিকল্পনা রয়েছে। ফলে জাতীয় নির্বাচনের পর স্থানীয় সরকার নির্বাচন ঘিরেও রাজনৈতিক দলগুলোর মধ্যে নতুন করে নির্বাচনী প্রস্তুতি শুরু হতে যাচ্ছে।

সোমবার (১৬ নভেম্বর) কমিশন সভা শেষে ব্রিফিংয়ে এসব তথ্য জানান নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি জানান, প্রথম ধাপে ১৩১টি উপজেলার ১ হাজার ২৬টি ইউনিয়নে ভোটগ্রহণের পরিকল্পনা রয়েছে। দ্বিতীয় ধাপে ১২৯টি উপজেলার ১ হাজার ১১৩টি, তৃতীয় ধাপে ১১৮টি উপজেলার ১ হাজার ২টি, চতুর্থ ধাপে ৯৩টি উপজেলার ৭৯৩টি এবং পঞ্চম ধাপে ৩৭টি উপজেলার ৩৫৬টি ইউনিয়নে নির্বাচন হতে পারে।
ইসি সানাউল্লাহ বলেন, পঞ্চম ধাপে ইচ্ছাকৃতভাবে ইউনিয়নের সংখ্যা কম রাখা হয়েছে। আইনি জটিলতা বা অন্য কোনো কারণে যেসব ইউনিয়নের নির্বাচন আটকে রয়েছে, সেগুলো পরে এ ধাপে সমন্বয় করা যাবে। ধাপভিত্তিক ইউনিয়নের নাম ও বিস্তারিত তালিকা আগামী বৃহস্পতিবার কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের বিষয়ে তিনি বলেন, জাতীয় নির্বাচনের আগে যেভাবে নিবন্ধিত দলগুলোর সঙ্গে আলোচনা হয়েছিল, ইউপি নির্বাচন সামনে রেখেও একইভাবে সংলাপ হবে। এ মাসের শেষ দিকে অথবা ডিসেম্বরের শুরুতে তিন দিনে নিবন্ধনের ক্রমানুসারে দলগুলোকে আমন্ত্রণ জানানো হবে। আগামী ১০ ডিসেম্বরের আগেই সংলাপ শেষ করার লক্ষ্য রয়েছে কমিশনের।
প্রথম ধাপের ভোটের সময়সূচি প্রসঙ্গে সানাউল্লাহ বলেন, ২১ জানুয়ারিকে কেন্দ্র করে প্লাস-মাইনাস ৫০ দিনের মধ্যে ভোটের সময় নির্ধারণ করবেন সংশ্লিষ্ট জেলা নির্বাচন কর্মকর্তারা। অর্থাৎ সব ইউনিয়নে একই দিনে ভোট হবে না; ধাপভিত্তিক পরিকল্পনার মধ্যে পৃথক সময়সূচি নির্ধারণ করা হবে।
নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রভাব পড়বে কি না, এমন প্রশ্নে তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচন আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর নেতিবাচক প্রভাব ফেলবে বলে কমিশন মনে করে না। বরং কোনো কোনো ক্ষেত্রে এ নির্বাচন আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো রাখতে সহায়তা করতে পারে।
স্থানীয় সরকার নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের বিষয়ে এখন পর্যন্ত কোনো রাজনৈতিক দলের দাবি কমিশনের কাছে আসেনি বলে জানান তিনি। তবে নির্বাচনী পরিবেশ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্ষমতা ও কার্যকারিতা বিবেচনায় নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
নির্বাচন আইন সংশোধনের বিষয়ে কমিশনের সুপারিশ থাকলেও তফসিল ঘোষণার দিন যে আইন কার্যকর থাকবে, সেই আইন অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানান এই নির্বাচন কমিশনার।


