
স্থানীয় উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজার সম্প্রসারণে মেলা আয়োজনের উদ্যোগ
রাজশাহীতে কর্মসংস্থান সৃষ্টি, ক্ষুদ্র ও কুটির শিল্পের বিকাশ এবং স্থানীয় উদ্যোক্তাদের উৎপাদিত পণ্যের বাজার সম্প্রসারণে যৌথভাবে কাজ করার বিষয়ে আলোচনা করেছে রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) ও বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক)।

সোমবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় নগর ভবনে রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বিসিকের কর্মকর্তারা। এ সময় স্থানীয় উদ্যোক্তাদের পণ্যের প্রচার, বাজারজাতকরণ এবং বিক্রির সুযোগ তৈরিতে মেলা আয়োজনসহ বিভিন্ন উদ্যোগ নিয়ে মতবিনিময় হয়।
আলোচনায় রাজশাহীর ক্ষুদ্র ও কুটির শিল্পের সম্ভাবনা কাজে লাগানো, নতুন উদ্যোক্তা তৈরি, স্থানীয় পণ্যের পরিচিতি বাড়ানো এবং বাজার সম্প্রসারণের ওপর গুরুত্ব দেওয়া হয়। এসব কার্যক্রম বাস্তবায়নে রাসিক ও বিসিকের পারস্পরিক সহযোগিতার বিষয়েও আলোচনা হয়।
সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন বিসিক আঞ্চলিক কার্যালয়, রাজশাহীর আঞ্চলিক পরিচালক জাফর বায়েজীদ, জেলা কার্যালয়ের উপমহাব্যবস্থাপক মো. রফিকুল ইসলাম, সহকারী নিয়ন্ত্রক (হিসাব ও অর্থ) মোহাঃ রায়হান আলী, বিশেষজ্ঞ মো. আল-আমিন এবং বিসিক শিল্পনগরী কার্যালয়ের উপব্যবস্থাপক মো. আনোয়ারুল আজিম।


