
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনের কোনো কার্যক্রম গণমাধ্যমে প্রচার না করার আহ্বান জানিয়েছেন তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। তিনি বলেছেন, যারা আগুন সন্ত্রাস করছে এবং গণহত্যা করে পালিয়ে গেছে, তাদের সংবাদ প্রচার জনগণ ভালোভাবে নেবে না। সোমবার (১৬ নভেম্বর) দুপুরে সচিবালয়ে অনলাইন এডিটরস ফোরামের সঙ্গে এক বৈঠকে তিনি এসব কথা বলেন।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সরকার বাক্স্বাধীনতা ও গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাস করে। কোনো সংবাদ প্রচারের জন্য সরকার কখনো গণমাধ্যমের ওপর চাপ দেয়নি। একইভাবে কোনো সংস্থাও সংবাদ প্রত্যাহারের জন্য চাপ দেয়নি।

তিনি বলেন, গত ১৭ বছরে অনেক গণমাধ্যম বন্ধ করে দেওয়া হয়েছে। সাংবাদিকদের গুম ও তুলে নেওয়ার ঘটনাও ঘটেছে। বর্তমান সরকার এমন কোনো কাজ করবে না। তবে গণমাধ্যমের প্রতি আহ্বান থাকবে, তারা যেন ফ্যাসিবাদকে প্রশ্রয় না দেয়।
ইয়াসের খান চৌধুরী আরও বলেন, সরকার জনগণের ভোটাধিকার নিশ্চিত করেছে। এ ক্ষেত্রে অনলাইন গণমাধ্যম যে ভূমিকা রেখেছে, তা সরকার অব্যাহত দেখতে চায়।


