
শর্ত জানালে বিবেচনা করবে সরকার; প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী দেশে এনে সাজা কার্যকরের প্রত্যাশা
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে ভারত সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো শর্ত জানানো হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তিনি বলেছেন, নয়াদিল্লি আনুষ্ঠানিকভাবে কোনো শর্ত দিলে তা বিবেচনা করবে ঢাকা। সোমবার (১৬ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

শামা ওবায়েদ বলেন, এ বিষয়ে কে কোথায় কী প্রতিবেদন প্রকাশ করছে, তা দেখার সময় সরকারের নেই। বিষয়টি সরকারের কাছে আনুষ্ঠানিকভাবে আসেনি। শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় একাধিকবার ভারতকে চিঠি দিয়েছে। আইন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাঁর দেশে ফেরানোর আইনি ও কারিগরি দিকগুলো পর্যালোচনা করছে।
প্রত্যর্পণ চুক্তির প্রসঙ্গ তুলে প্রতিমন্ত্রী বলেন, শেখ হাসিনা অন্য যেকোনো আসামির মতো দেশে ফিরবেন এবং সাজা ভোগ করবেন—এটাই সরকারের প্রত্যাশা। এ ক্ষেত্রে ভারতের রাজনৈতিক সদিচ্ছা প্রয়োজন। ভারত সাড়া দিলে বাংলাদেশের মানুষের পাশাপাশি সরকারের জন্যও বিষয়টি সহজ হবে।
বাংলাদেশ-ভারত সম্পর্ক শেখ হাসিনা ইস্যুর চেয়ে অনেক বিস্তৃত উল্লেখ করে তিনি বলেন, মুক্তিযুদ্ধের সময় থেকে দুই দেশের সম্পর্কের ভিত্তি তৈরি হয়েছে। অমীমাংসিত বিষয়গুলো কূটনৈতিক আলোচনার মাধ্যমে সমাধান করা হবে।
দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে প্রতিমন্ত্রী অভিযোগ করেন, অতীতে আওয়ামী লীগ সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে, এখনো দলটির নেতাকর্মীরা জ্বালাও-পোড়াও করছেন। বিদেশে অবস্থান করে বাংলাদেশের অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করা হলে সরকার হিসেবে তা মোকাবিলা করতে হবে।
বাংলাদেশ-ভারতের কনস্যুলার সংলাপ প্রসঙ্গে শামা ওবায়েদ বলেন, বৈঠক বাতিল হয়নি; দুই পক্ষের সম্মতিতে তা পিছিয়ে দেওয়া হয়েছে। সচিব পর্যায়ের এ বৈঠক কিছুদিন পর হলে ভালো হবে বলে উভয় পক্ষ মনে করেছে।
সম্প্রতি বিবিসি বাংলার এক প্রতিবেদনে শেখ হাসিনার প্রত্যর্পণে ভারতের সম্ভাব্য দুটি শর্তের কথা বলা হয়। ১২ নভেম্বর প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়েছিল, শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠানোর ক্ষেত্রে বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমে তাঁকে ফিরিয়ে নেওয়া এবং মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিলের সুযোগ ও জুলাই গণহত্যার অভিযোগে নতুন করে বিচারের নিশ্চয়তা চেয়েছে নয়াদিল্লি। তবে এসব শর্তের বিষয়ে ভারত সরকার আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।


