
ভোটার তালিকা থেকে নাম বাদ, বাংলাদেশে ঠেলে দেওয়া হচ্ছে ভারতীয়দেরও!
মুম্বাই থেকে আটক সাহিদা ফকিরকে সীমান্ত পার করে দেওয়ার অভিযোগ; ১০ পরিবারের অভিজ্ঞতায় ভোটার তালিকা সংশোধন ও বহিষ্কার অভিযানের যোগসূত্র তুলে ধরেছে রয়টার্স
ভারতের মুম্বাইয়ে সবজি কিনতে বাসা থেকে বের হয়েছিলেন সাহিদা ফকির। ছোট ছেলেকে বলে গিয়েছিলেন, কয়েক মিনিটের মধ্যেই ফিরবেন। কিন্তু সেই ফেরা আর হয়নি। তিন মাসের বেশি সময় ধরে তিনি বাংলাদেশের সাতক্ষীরার একটি গ্রামে। স্বামী ও দুই সন্তানের কাছ থেকে বিচ্ছিন্ন ৩৮ বছর বয়সী এই নারীর অভিযোগ, সাদা পোশাকের পুলিশ সদস্যরা তাঁকে আটক করে জোর করে সীমান্ত পার করে বাংলাদেশে পাঠিয়েছেন।
ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের অনুসন্ধানে উঠে এসেছে, ভারতের ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার পর আটক, হয়রানি ও দেশ থেকে বহিষ্কারের মুখে পড়েছেন একাধিক ব্যক্তি। সাহিদাসহ ১০টি পরিবারের অভিজ্ঞতা বিশ্লেষণ করে সংস্থাটি দেখিয়েছে, দেশটির ভোটার তালিকা নিবিড় সংশোধন প্রক্রিয়া কীভাবে সন্দেহভাজন অবৈধ অভিবাসী শনাক্ত ও বহিষ্কারের অভিযানের সঙ্গে যুক্ত হয়ে পড়েছে। যদিও ভোটার তালিকা থেকে নাম বাদ পড়া কাউকে বিদেশি নাগরিক হিসেবে প্রমাণ করে না।
সাতক্ষীরায় বসে রয়টার্সকে সাহিদা বলেন, ‘কেউ পেছন থেকে আমার হাত ধরেন এবং আমাকে গাড়িতে উঠতে বাধ্য করেন।’ তাঁর দাবি, আটকের সময় কর্মকর্তারা তাঁর ফোন জব্দ করেন। ওই ফোনে ভারতীয় পরিচয়পত্রসহ প্রয়োজনীয় নথির কপি ছিল। কিন্তু সেগুলো দেখানোর সুযোগ তাঁকে দেওয়া হয়নি।
আদালতের নথি অনুযায়ী, মুম্বাই পুলিশের অপরাধ দমন শাখার সদস্যরা তাঁকে আটক করেছিলেন। পুলিশ আদালতকে জানিয়েছে, তাঁকে আসাম সীমান্তে বর্ডার গার্ড ফোর্সের (বিএসএফ) কাছে হস্তান্তর করা হয়। পরে নির্ধারিত প্রক্রিয়ায় বাংলাদেশে পাঠানো হয়। তবে এ বিষয়ে মন্তব্যের জন্য রয়টার্সের অনুরোধে সাড়া দেয়নি মুম্বাই পুলিশ।
ভোটার তালিকা সংশোধনে ১৩ কোটি নাম বাদ
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের ইতিহাসে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার সবচেয়ে বড় ঘটনা এটি। দেশজুড়ে সংশোধন প্রক্রিয়ায় প্রায় ১৩ কোটি নাম বাদ পড়েছে। এর প্রভাব পড়েছে দেশটির বৃহত্তম সংখ্যালঘু সম্প্রদায় মুসলিমদের ওপরও। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন বিজেপি সরকার ২০১৪ সালে ক্ষমতায় আসার পর থেকে মুসলিম সম্প্রদায় বিভিন্ন নীতি ও বৈষম্যের শিকার হচ্ছে বলে অভিযোগ করে আসছে মানবাধিকার সংগঠনগুলো।
চলতি বছরের শুরুর দিকে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আগে প্রায় ৯০ লাখ ভোটারের নাম বাদ দেওয়া হয়। কলকাতাভিত্তিক সাবার ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী, ভোটার তালিকায় মুসলিমদের অংশ ২৭ শতাংশ হলেও পর্যালোচনার পর বাদ পড়া ২৭ লাখ নামের প্রায় ৭০ শতাংশই ছিল মুসলিম। ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা সাবির আহমেদের মতে, নির্বাচনের ফল নির্ধারণে ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার বিষয়টি ভূমিকা রেখেছে। অন্যদিকে, বিজেপি বৈধ নাগরিকদের লক্ষ্যবস্তু বানানোর অভিযোগ অস্বীকার করেছে।
ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গত ৫ নভেম্বর হরিয়ানার এক জনসভায় ভোটার তালিকা সংশোধন ও অনুপ্রবেশকারী শনাক্তের মধ্যে সরাসরি যোগসূত্র তুলে ধরেন। তিনি বলেন, অনুপ্রবেশকারীদের শনাক্ত করে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া হবে এবং পরে তাঁদের দেশ থেকে বহিষ্কার করা হবে।
ভারতীয় নথি থাকার পরও বহিষ্কারের অভিযোগ
রয়টার্সের পর্যালোচনা করা নথি অনুযায়ী, সাহিদার বাবা-মা ও দাদা-দাদি ১৯৫২ সালের প্রথম জাতীয় নির্বাচন থেকেই পশ্চিমবঙ্গের স্বরূপনগরের নিবন্ধিত ভোটার ছিলেন। ২০০০ থেকে ২০০৩ সালের ভোটার তালিকাতেও তাঁদের নাম ছিল। সাহিদা নিজেও অন্তত ২০০৮ সাল থেকে পশ্চিমবঙ্গের ভোটার ছিলেন বলে তাঁর ভোটার পরিচয়পত্রে দেখা গেছে।
তবে মুম্বাইয়ের আঞ্চলিক বৈদেশিক নিবন্ধন অফিস কলকাতা হাইকোর্টকে জানিয়েছে, অনুসন্ধানের সময় সাহিদা বাংলাদেশি জন্মসনদ দেখিয়েছিলেন এবং ভারতীয় নাগরিকত্বের পক্ষে গ্রহণযোগ্য নথি দিতে পারেননি। সাহিদার দাবি, তাঁর ফোনে থাকা পরিচয়পত্রের কপি দেখানোর সুযোগ না দিয়েই তাঁকে বহিষ্কার করা হয়েছে।
সাহিদার স্বামী জুম্মান বর্তমানে স্ত্রীর দেশে ফেরার দাবিতে আইনি লড়াই করছেন। গত আগস্টে সুপ্রিম কোর্টে করা রিট আবেদনে বলা হয়, ভোটার তালিকা থেকে নাম বাদ পড়া নাগরিকত্ব নির্ধারণের ভিত্তি হতে পারে না। যাচাই ছাড়াই নির্বাহী সিদ্ধান্তের ভিত্তিতে কাউকে দেশ থেকে বহিষ্কার করাও আইনসম্মত নয় বলে আবেদনে দাবি করা হয়েছে।
‘ভোটার তালিকায় নাম নেই, তুমি বাংলাদেশি’
কলকাতা হাইকোর্টে করা আরেকটি রিটে বাসনপত্র বিক্রেতা নাসিরুদ্দিন শেখসহ পাঁচজন অভিযোগ করেন, ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার পর তাঁদের আটক করা হয়েছিল। অথচ বিশেষ ট্রাইব্যুনালে নাম বাদ পড়ার বিরুদ্ধে তাঁদের আপিল তখনো বিচারাধীন ছিল।
নাসিরুদ্দিন জানান, ছত্তিশগড়ে কাজ করার সময় পুলিশ তাঁকে আরও ২২ জনের সঙ্গে আটক করে। পরে তালিকায় নাম খুঁজে পাওয়ার ১৪ দিন পর ১৯ জনকে ছেড়ে দেওয়া হয়। বাকি চারজন ৩২ দিন আটক ছিলেন। তাঁর ভাষ্য, এক পুলিশ সদস্য তাঁকে বলেছিলেন, ‘ভোটার তালিকায় তোমার নাম নেই। তুমি একজন বাংলাদেশি।’
রয়টার্সের সাংবাদিকেরা মুর্শিদাবাদে সন্দেহভাজন বিদেশি অভিবাসীদের জন্য তৈরি একটি আটক কেন্দ্রও পরিদর্শন করেন। সেখানে নিরাপত্তাবেষ্টিত স্থাপনার ভেতরে বন্দিদের উপস্থিতি দেখা যায়। স্থানীয় বাসিন্দা মোসামি রায় জানান, দুই মাস আগে সেখানে লোকজনকে নিয়ে আসতে এবং তাঁদের পরিবারের সদস্যদের বাইরে কান্নাকাটি করতে দেখেছেন।
মানবাধিকারকর্মী কিরিতি রায়ের মতে, ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার বিরুদ্ধে লাখ লাখ মামলা বিচারাধীন। ট্রাইব্যুনালের কার্যক্রম ধীরগতির হওয়ায় ভুক্তভোগীরা দীর্ঘ অপেক্ষায় রয়েছেন।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়, প্রধানমন্ত্রীর কার্যালয় ও নির্বাচন কমিশন এ বিষয়ে মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি। বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী, স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ও মন্তব্য করেনি।
সূত্র: রয়টার্স



