
নীতিসহায়তার দাবি যৌক্তিক মনে করেন তথ্যমন্ত্রী-প্রতিমন্ত্রী; নিবন্ধনবহির্ভূত পোর্টাল বন্ধের দাবি সম্পাদকদের
দেশের নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টালগুলোকে সরকারি বিজ্ঞাপন ও নীতিগত সহায়তা দেওয়ার দাবি যৌক্তিক বলে মনে করেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিব রহমান পার্থ এবং প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। এ বিষয়ে শিগগির উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছেন তাঁরা। একই সঙ্গে নিবন্ধনবহির্ভূত নিউজ পোর্টাল পরিচালনা বন্ধ, নবায়ন ফি পুনর্বিবেচনা এবং প্রশাসনিক জটিলতা নিরসনের দাবি জানিয়েছেন অনলাইন সংবাদমাধ্যমের সম্পাদকেরা।

সোমবার (১৬ নভেম্বর) সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে অনলাইন এডিটরস ফোরামের সঙ্গে মন্ত্রী ও প্রতিমন্ত্রীর বৈঠকে এসব আলোচনা হয়। এতে দেশের বিভিন্ন নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টালের সম্পাদক ও প্রতিনিধিরা অংশ নেন।
বৈঠকে ফোরামের আহ্বায়ক ও রাজনীতি ডটকমের সম্পাদক শরিফুজ্জামান পিন্টু অনলাইন সংবাদমাধ্যমের সমস্যা ও সমাধানের প্রস্তাব তুলে ধরেন। ফোরামের লিখিত বক্তব্যে বলা হয়, নিবন্ধন দেওয়ার বাইরে অনলাইন পোর্টালগুলোর জন্য সরকারের কার্যকর নীতিগত সহায়তা নেই বললেই চলে। নিবন্ধিত পোর্টালগুলোকে সরকারি বিজ্ঞাপনের আওতায় আনতে একটি প্রজ্ঞাপন জারি করলেই সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো তা বাস্তবায়ন করতে পারবে। এতে সরকারের অতিরিক্ত আর্থিক দায় তৈরি হবে না। পরে পেজভিউ, নিজস্ব কার্যালয় ও জনবলসহ বিভিন্ন সূচক বিবেচনায় বিজ্ঞাপন বণ্টনের নীতিমালা করা যেতে পারে।
তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন, অনলাইন পোর্টালগুলোর নিবন্ধন, স্বীকৃতি ও সুযোগ-সুবিধার বিষয়টি সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। কয়েক সপ্তাহ ধরে এ বিষয়ে পর্যালোচনা চলছে। অনলাইন সংবাদমাধ্যমগুলোকে কীভাবে নিবন্ধনের আওতায় আনা যায়, সে বিষয়ে একটি কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হচ্ছে।
তিনি বলেন, সরকার গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাস করে। সরকারের ভুল-ত্রুটি তুলে ধরতে গণমাধ্যমের কোনো বাধা নেই। তবে সংবাদ প্রকাশে বাস্তবতা ও দায়িত্বশীলতা বজায় রাখতে হবে। দেশের উন্নয়ন ও জনগণের কল্যাণে সরকারের উদ্যোগগুলোও তুলে ধরার আহ্বান জানান তিনি।
বৈঠকে তথ্যমন্ত্রী আন্দালিব রহমান পার্থ বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি দেউলিয়াত্বের পরিচয়। গোপালগঞ্জ ছাড়া দেশের অন্য কোথাও দলটির অস্তিত্ব নেই বলেও মন্তব্য করেন তিনি। তাঁর ভাষ্য, রাজনৈতিকভাবে আওয়ামী লীগ গ্রহণযোগ্যতা হারিয়েছে এবং সহিংস কর্মকাণ্ডের মাধ্যমে ফিরে আসার চেষ্টা রাজনৈতিক পদক্ষেপ নয়।
আওয়ামী লীগের শাসনামলে অর্থনীতির ক্ষতি প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, ব্যাংকিং খাতসহ বিভিন্ন ক্ষেত্রে ব্যাপক ক্ষতি হয়েছে, যার দায় বর্তমান সরকারকে নিতে হচ্ছে। গত আট মাসে দেশে ব্যাংক লুট কিংবা বিদ্যুৎ খাতে দুর্নীতির ঘটনা ঘটেনি বলেও দাবি করেন তিনি।
প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন, সরকার দায়িত্ব নেওয়ার পর গত আট-নয় মাসে কোনো গুম বা বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের ঘটনা ঘটেনি। এসব ইতিবাচক পরিবর্তন গণমাধ্যমে তুলে ধরার আহ্বান জানান তিনি। একই সঙ্গে ২০২৫ সালের ১২ মে সরকারি প্রজ্ঞাপনে আওয়ামী লীগ ও এর অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণার বিষয়টি উল্লেখ করে এ-সংক্রান্ত সংবাদ প্রকাশে বিদ্যমান আইন ও প্রজ্ঞাপনের বিধিনিষেধ বিবেচনায় রাখার কথা বলেন।
ফোরামের পক্ষ থেকে জানানো হয়, দেশে বর্তমানে নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টালের সংখ্যা ২৮৩টি। আরও কয়েকশ আবেদন প্রক্রিয়াধীন। অন্যদিকে, নিবন্ধন ছাড়াই কয়েক হাজার ওয়েবসাইট নিজেদের অনলাইন নিউজ পোর্টাল হিসেবে পরিচালনা করছে। এতে নিবন্ধিত ও অনিবন্ধিত প্ল্যাটফর্মের পার্থক্য নিয়ে পাঠকদের মধ্যে বিভ্রান্তি তৈরি হচ্ছে বলে দাবি করেন সম্পাদকরা। মত প্রকাশের স্বাধীনতা অক্ষুণ্ন রেখে নিবন্ধনবহির্ভূত পোর্টাল পরিচালনা বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানান তাঁরা।
এ ছাড়া প্রতিবছর পাঁচ হাজার টাকা নবায়ন ফি দেওয়ার বাধ্যবাধকতা পুনর্বিবেচনা, কার্যালয়ের ঠিকানা পরিবর্তনের প্রক্রিয়া সহজ করা এবং সরকারি বিজ্ঞাপন বণ্টনে স্বচ্ছ নীতিমালা প্রণয়নের দাবি জানানো হয়। সম্পাদকদের অভিযোগ, ঠিকানা পরিবর্তনের মতো সাধারণ কাজেও একাধিক মন্ত্রণালয় ও গোয়েন্দা সংস্থার মতামত নেওয়ার কারণে দীর্ঘসূত্রতা তৈরি হয়।
বৈঠকে অনলাইন এডিটরস ফোরামের সদস্যসচিব ও ঢাকা স্ট্রিমের সম্পাদক গোলাম ইফতেখার মাহমুদ, প্রধান পৃষ্ঠপোষক ও সোনালী নিউজের প্রকাশক মোহাম্মদ ইউনূছ, জাগো নিউজের সম্পাদক কে এম জিয়াউল হক, খবর সংযোগের সম্পাদক নজরুল ইসলাম, ঢাকা মেইলের নির্বাহী সম্পাদক হারুন জামিল, দেশ সমাচারের সম্পাদক শাহাদাত হোসেন এবং রাইজিং বিডির নির্বাহী সম্পাদক তাপস রায় বক্তব্য দেন।


