
খুলনা, কুষ্টিয়া ও গোপালগঞ্জের সহিংসতার চিত্র তুলে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের সমালোচনা; ‘৬৪ জেলার মধ্যে মাত্র তিনটির চিত্র দিলাম’
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে—স্বরাষ্ট্রমন্ত্রীর এমন বক্তব্যকে ‘বাস্তবতাবিবর্জিত’ আখ্যা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী। খুলনা, কুষ্টিয়া ও গোপালগঞ্জের সাম্প্রতিক অপরাধ, হত্যা, চাঁদাবাজি ও সহিংসতার চিত্র তুলে ধরে তিনি বলেছেন, অপরাধ নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে সরকার এখন বাস্তবতার বয়ান নিয়ন্ত্রণের চেষ্টা করছে।

সোমবার (১৬ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক দীর্ঘ পোস্টে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে এসব কথা বলেন তিনি। পোস্টে তিন জেলার বিভিন্ন ঘটনার বিবরণ দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের সঙ্গে মাঠপর্যায়ের পরিস্থিতির অসংগতির অভিযোগ তোলেন এই এনসিপি নেতা।
খুলনার পরিস্থিতি তুলে ধরে নাসীরুদ্দীন পাটওয়ারী দাবি করেন, গত সাড়ে ১০ মাসে জেলাটিতে ৭৭টি হত্যাকাণ্ড ঘটেছে। আটটি থানায় সক্রিয় রয়েছে অন্তত ১৮১ জন চিহ্নিত সন্ত্রাসী। নিরাপত্তাহীনতায় ব্যবসায়ীরা শহর ছাড়ছেন, আর নিরাপত্তার দাবিতে চিকিৎসকদেরও রাস্তায় নামতে হচ্ছে। চাঁদাবাজির ভয়ে সাধারণ মানুষ মুখ খুলতে পারছেন না বলেও অভিযোগ করেন তিনি।
তার ভাষ্য, প্রধানমন্ত্রী কিংবা পুলিশের মহাপরিদর্শকের (আইজিপি) সফরেও সন্ত্রাসীদের তৎপরতা থামছে না। নগর প্রশাসক ও বিএনপি নেতাদের উদ্বেগের কথা উল্লেখ করে তিনি লেখেন, পরিস্থিতির উন্নতি না হলে সাধারণ মানুষ খুলনায় থাকতে চাইবেন না। একজন সংসদ সদস্যের বক্তব্য উদ্ধৃত করে খুলনাকে ‘মৃত নগরী’ হিসেবেও উল্লেখ করেন তিনি।
কুষ্টিয়ার সাম্প্রতিক একটি ঘটনার বিবরণ দিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারী অভিযোগ করেন, মাদকবিরোধী অভিযানে আটক কলেজ ছাত্রদলের আহ্বায়ক সংগ্রাম হোসেনসহ কয়েকজনকে পুলিশের ওপর হামলা চালিয়ে ছিনিয়ে নেওয়া হয়। এতে দুই উপপরিদর্শকসহ (এসআই) তিন পুলিশ সদস্য আহত হন। ১০ নভেম্বর কুষ্টিয়া সরকারি কলেজে ডিবির মাদকবিরোধী অভিযানের সময় তিন পুলিশ সদস্য আহত এবং আটক ব্যক্তিদের ছিনিয়ে নেওয়ার ঘটনা নিয়ে মামলা হয়েছে বলে সংবাদমাধ্যমেও খবর প্রকাশিত হয়েছে।
গোপালগঞ্জের পরিস্থিতি নিয়েও উদ্বেগ জানান তিনি। তার অভিযোগ, সেখানে নিষিদ্ধ আওয়ামী লীগের সশস্ত্র মিছিল, বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ, প্রধানমন্ত্রীর ছবি পদদলিত, জুলাই স্মৃতিস্তম্ভ ভাঙচুর, প্রেসক্লাবে পেট্রোল বোমা নিক্ষেপ এবং এক পুলিশ কর্মকর্তাকে কুপিয়ে আহত করার মতো ঘটনা ঘটেছে। দেড় হাজার পুলিশ ও বিজিবি সদস্য মোতায়েনের পরও পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি বলে দাবি করেন তিনি।
তিন জেলার এসব ঘটনার উদাহরণ টেনে নাসীরুদ্দীন পাটওয়ারী লেখেন, ‘৬৪ জেলার বাংলাদেশের মাত্র তিনটি জেলার চিত্র তুলে ধরলাম। বাকি ৬১ জেলার কথা না হয় বাদই দিলাম।’
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করতে গিয়ে জর্জ অরওয়েলের বিখ্যাত উপন্যাস ‘১৯৮৪’-এর ‘মিনিস্ট্রি অব ট্রুথ’ বা সত্য মন্ত্রণালয়ের প্রসঙ্গ টানেন তিনি। নাসীরুদ্দীন পাটওয়ারীর ভাষ্য, উপন্যাসে সত্য মন্ত্রণালয়ের কাজ ছিল রাষ্ট্রের সুবিধামতো সত্যকে বিকৃত করা। বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর ভূমিকার সঙ্গে সেই ধারণার মিল রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
পোস্টের শেষাংশে তিনি অভিযোগ করেন, অপরাধ নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে স্বরাষ্ট্রমন্ত্রী এখন বাস্তবতার বয়ান নিয়ন্ত্রণে ব্যস্ত। অরওয়েলের উপন্যাসের প্রসঙ্গ টেনে কটাক্ষ করে বলেন, ‘জর্জ অরওয়েল ১৯৮৪ লিখেছিলেন নিছক কল্পকাহিনি হিসেবে, আর বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সেটিকে সরকারি কর্মপরিকল্পনা হিসেবে বাস্তবায়ন করছেন।’


