
রাকিবুল ইসলাম, মোহনপুর (রাজশাহী) প্রতিনিধি : রাজশাহীর মোহনপুরে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রীশ্রী পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) ২০২৬ ‘বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট ও পূজা উদযাপন ফ্রন্ট, মোহনপুর উপজেলা’র উদ্যোগে আজ সকাল ১০ টায় এ কর্মসূচির আয়োজন করা হয়। এ উপলক্ষে সকাল থেকেই উপজেলার বিভিন্ন এলাকা থেকে সনাতন ধর্মাবলম্বী নারী, পুরুষ ও শিশুরা অনুষ্ঠানে অংশ নেন।
পরে বর্ণিল সাজে সজ্জিত একটি শোভাযাত্রা মোহনপুর উপজেলা চত্বর থেকে বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মোহনপুর কেন্দ্রীয় মন্দিরে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় শ্রীকৃষ্ণের জীবন ও ধর্মীয় ভাবধারা তুলে ধরে।
শোভাযাত্রা শেষে আয়োজিত আলোচনা সভা মোহনপুর পুরাতন হলরুমে অনুষ্ঠিত হয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহনপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সাবেক উপজেলা বিএনপি সভাপতি আব্দুস সামাদ।
প্রধান অতিথির বক্তব্যে আব্দুস সামাদ বলেন, শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী শুধু একটি ধর্মীয় উৎসব নয়, এটি মানবতা, সত্য, ন্যায় ও শান্তির শিক্ষা দেয়। সমাজে সাম্প্রদায়িক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ বজায় রাখতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই মিলেমিশে বসবাস করলেই একটি সুন্দর ও শান্তিপূর্ণ সমাজ গড়ে তোলা সম্ভব।
তিনি আরও বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এ দেশে প্রত্যেক ধর্মের মানুষ নিজ নিজ ধর্মীয় উৎসব শান্তিপূর্ণভাবে পালন করবে—এটাই আমাদের প্রত্যাশা। কোনো অপশক্তি যাতে ধর্মীয় সম্প্রীতি নষ্ট করতে না পারে, সে বিষয়ে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট, মোহনপুর উপজেলা শাখার সভাপতি শ্রীযুক্ত বাবু কমল কুমার সরকার।
সভাপতির বক্তব্যে কমল কুমার সরকার বলেন, ভগবান শ্রীকৃষ্ণের জীবন ও দর্শনের অন্যতম শিক্ষা হলো অন্যায় ও অসত্যের বিরুদ্ধে অবস্থান নেওয়া এবং মানুষের মধ্যে ভালোবাসা, শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠা করা। জন্মাষ্টমীর এই পবিত্র দিনে আমাদের প্রত্যেকের উচিত সমাজে শান্তি ও সৌহার্দ্য প্রতিষ্ঠায় ভূমিকা রাখা।
তিনি বলেন, মোহনপুরে সনাতন ধর্মাবলম্বীরা দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণভাবে ধর্মীয় উৎসব পালন করে আসছেন। ভবিষ্যতেও সব ধর্মের মানুষের পারস্পরিক সহযোগিতা ও সম্প্রীতির মধ্য দিয়ে ধর্মীয় অনুষ্ঠানগুলো সুন্দরভাবে পালিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট, মোহনপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক শ্রীযুক্ত বাবু প্রশান্ত কুমার।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহনপুর উপজেলা মহিলা দলের আহ্বায়ক মৌটুসী সুলতানা রুমা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাছিমা আক্তার বেলী, শ্রী বাবু সেন্টু কুমার সাহা, শ্রী বাবু রামকৃষ্ণ কুমার ও শ্রী বাবু রতন কুমার প্রামাণিকসহ স্থানীয় নেতৃবৃন্দ ও সনাতন ধর্মাবলম্বীরা।
আলোচনা সভায় বক্তারা শ্রীকৃষ্ণের জীবন, কর্ম ও দর্শনের বিভিন্ন দিক তুলে ধরেন। তারা সমাজে শান্তি, সম্প্রীতি, সহনশীলতা ও ভ্রাতৃত্ববোধ বজায় রাখার আহ্বান জানান।
পরে ধর্মীয় আলোচনা ও অন্যান্য কর্মসূচির মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়। পুরো আয়োজনটি শান্তিপূর্ণ, উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়।



