
স্প্যানিশ লা লিগায় দুর্দান্ত ছন্দে রয়েছে বার্সেলোনা। গেতাফেকে ৩-০ গোলে হারিয়ে চলতি মৌসুমে টানা অষ্টম জয় তুলে নিয়েছে হান্সি ফ্লিকের দল। এর মধ্য দিয়ে কাতালান ক্লাবটির ইতিহাসে লিগ মৌসুমের সেরা শুরুর রেকর্ডে ভাগ বসিয়েছে তারা।
স্প্যানিশ সংবাদমাধ্যম মুন্দো দেপোর্তিভোর প্রতিবেদন অনুযায়ী, বার্সেলোনার এই জয়ের ধারাবাহিকতা ২০১৩-১৪ মৌসুমে টাটা মার্তিনোর অধীনে দলের শুরুর পারফরম্যান্সের কথা মনে করিয়ে দিচ্ছে। সেবারও লিগের প্রথম আট ম্যাচ জিতেছিল বার্সা। নবম রাউন্ডে ওসাসুনার বিপক্ষে গোলশূন্য ড্র করে জয়যাত্রা থামে তাদের। তবে ১৪তম রাউন্ড পর্যন্ত অপরাজিত ছিল মার্তিনোর দল। এরপর সান মেমেসে অ্যাথলেটিক বিলবাওয়ের কাছে ১-০ গোলে হারে তারা।

এবার সেই রেকর্ড ছাড়িয়ে যাওয়ার হাতছানি ফ্লিকের দলের সামনে। টানা নবম জয় তুলে নিতে আগামী শনিবার লা কার্তুজায় রিয়াল বেতিসের মুখোমুখি হবে বার্সেলোনা। তবে তার আগে চ্যাম্পিয়নস লিগে গালাতাসারাইয়ের বিপক্ষে ম্যাচে মনোযোগ দিতে হচ্ছে কাতালানদের।
দলের এই সাফল্য নিয়ে ফ্লিক বলেন, ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো পরের ম্যাচ নিয়ে ভাবা, যেটা গালাতাসারাইয়ের বিপক্ষে। আমরা ইতিহাস গড়তে চাই। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, খেলোয়াড়েরা পুরোপুরি মনোযোগ ধরে রেখে নিজেদের কাজ করে যাচ্ছে।’
টানা আট জয়ে আত্মবিশ্বাসী বার্সেলোনা এখন নতুন রেকর্ড গড়ার অপেক্ষায়। তবে ফ্লিকের কাছে রেকর্ডের চেয়েও গুরুত্বপূর্ণ প্রতিটি ম্যাচে দলের মনোযোগ ও ধারাবাহিকতা ধরে রাখা।


