
চলতি মাসেই আসছেন প্রধান নির্বাহী
রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) কর্তৃপক্ষের সাথে ঢাকাস্থ ব্রিটিশ কাউন্সিলের উচ্চপর্যায়ের এক প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন-১ এর কনফারেন্স কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
বৈঠকে ঢাকাস্থ ব্রিটিশ কাউন্সিলের ডেপুটি ডিরেক্টর মারিয়া রেহমান প্রতিনিধিদলের নেতৃত্ব দেন। তিনি রাবি উপাচার্য প্রফেসর মো. ফরিদুল ইসলাম, উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মো. আব্দুল আলিম এবং উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মামুনুর রশীদ-এর সাথে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।
মতবিনিময়কালে ডেপুটি ডিরেক্টর মারিয়া রেহমান জানান, চলতি সেপ্টেম্বর মাসের শেষের দিকে ব্রিটিশ কাউন্সিলের প্রধান নির্বাহী রাজশাহী বিশ্ববিদ্যালয় সফরে আসছেন। তিনি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয়কে সেই কর্মসূচিতে অংশ নেওয়ার আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান। এছাড়া বৈঠকে ব্রিটিশ কাউন্সিলের ‘কালচারাল প্রটেকশন ফান্ড’-এর অর্থায়নে রাবির ঐতিহ্যবাহী বরেন্দ্র গবেষণা জাদুঘরের চলমান উন্নয়ন কাজের অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
উপাচার্যের সাথে বৈঠক শেষে প্রতিনিধিদলটি বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের সাথে প্রধান নির্বাহীর আসন্ন সফরসূচির নিরাপত্তা ও লজিস্টিকস বিষয়ে কথা বলেন। পরবর্তীতে তারা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে যান। সেখানে বিভাগের সভাপতি ও শিক্ষকদের সাথে ব্রিটিশ কাউন্সিলের প্রধান নির্বাহীর সফর কর্মসূচি সফলভাবে বাস্তবায়ন এবং বিভাগে চলমান ‘ইয়থ কানেক্ট: ডিজিটাল সিটিজেনশিপ এন্ড মিসইনফরমেশন রেজিলিয়েন্স’ প্রকল্পের আওতায় শিক্ষক-শিক্ষার্থীদের সাথে একটি বিশেষ সংলাপ আয়োজনের বিষয়ে ফলপ্রসূ আলোচনা করা হয়।
মতবিনিময় সভায় রাবির প্রক্টর প্রফেসর মো. মাহবুবর রহমান, জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর এস এম কামরুজ্জামান, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সভাপতি প্রফেসর মো. মোজাম্মেল হোসেন বকুল, একই বিভাগের প্রফেসর নাজিয়াত চৌধুরী, সহকারী প্রক্টর প্রফেসর মো. গিয়াস উদ্দিন আহমেদ এবং প্রফেসর মো. জহুরুল ইসলাম উপস্থিত ছিলেন।
ব্রিটিশ কাউন্সিলের প্রতিনিধিদলে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন হেড অব এডুকেশন তৌফিক হাসান, সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার (উপানুষ্ঠানিক শিক্ষা) তামিম মোস্তফা, ইংলিশ এন্ড এক্সামিনেশান্স একাউন্ট ম্যানেজার আনিকা বুশরা এবং সিকিউরিটি এন্ড এডমিনিস্ট্রেশন ম্যানেজার সাইদুল বাশার।


