
প্রধান ফটক বন্ধ, বিকল্প হিসেবে চালু মসজিদ গেট; ফাঁকা মাঠে নিয়ে নিষ্ক্রিয় করল বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট
রাজশাহীর শাহ্ মখদুম বিমানবন্দরের প্রধান ফটকের পাশেই ফুলগাছের ভেতর পড়ে ছিল গ্রেনেড সদৃশ দুটি বস্তু। মঙ্গলবার বেলা ১১টার দিকে এক পথচারীর চোখে পড়তেই ছড়িয়ে পড়ে আতঙ্ক। তাৎক্ষণিকভাবে বন্ধ করে দেওয়া হয় বিমানবন্দরের প্রধান ফটক। যাত্রী ও সাধারণ মানুষের নিরাপত্তায় বিকল্প হিসেবে চালু রাখা হয় মসজিদ গেট। পরে বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের সদস্যরা বস্তু দুটি বিমানবন্দর এলাকা থেকে সরিয়ে পবা উপজেলার পাকুড়িয়া এলাকার একটি ফাঁকা মাঠে নিয়ে নিষ্ক্রিয় করেন।

পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার বেলা ১১টার দিকে বিমানবন্দরের প্রধান ফটকের বাঁ পাশে ফুলগাছের ভেতরে বস্তু দুটি পড়ে থাকতে দেখেন এক পথচারী। পরে তিনি বিষয়টি এয়ারপোর্ট থানার বায়া পুলিশ ফাঁড়ির টহল দলের দায়িত্বে থাকা এএসআই পলাশকে জানান। এএসআই পলাশ বিষয়টি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) অবহিত করেন।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। একই সঙ্গে বিমানবন্দর কর্তৃপক্ষ ও নিরাপত্তার দায়িত্বে থাকা আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বিমানবন্দরের প্রধান ফটক বন্ধ করে দেন। এতে বিমানবন্দরে আসা যাত্রী ও সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে বিকল্প প্রবেশপথ হিসেবে মসজিদ গেট চালু রাখা হয়।
সার্বক্ষণিক নিরাপত্তার মধ্যেও কীভাবে এল বস্তু দুটি
পুলিশ সূত্র জানায়, বিমানবন্দরের প্রধান ফটকের পাশে সার্বক্ষণিক তিনজন সশস্ত্র এপিবিএন সদস্য নিরাপত্তার দায়িত্ব পালন করেন। এরপরও বস্তু দুটি কখন, কীভাবে বা কারা সেখানে রেখে গেছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে বস্তু দুটি দ্রুত বিমানবন্দর এলাকা থেকে সরিয়ে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়।
পরে বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের সদস্যরা প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করে বস্তু দুটি পবা উপজেলার পাকুড়িয়া এলাকার একটি ফাঁকা মাঠে নিয়ে যান। সেখানে বিশেষ প্রক্রিয়ায় সেগুলো নিষ্ক্রিয় করা হয়।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি) ও মুখপাত্র মো. গাজিউর রহমান মানবকণ্ঠকে বলেন, বিমানবন্দরের প্রধান ফটকের পাশে দুটি গ্রেনেড সদৃশ বস্তু পড়ে থাকার খবর পেয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া হয়। যাত্রী ও সাধারণ মানুষের নিরাপত্তার স্বার্থে প্রধান ফটক বন্ধ রেখে বিকল্প গেট দিয়ে চলাচলের ব্যবস্থা করা হয়। পরে বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের সহায়তায় বস্তু দুটি ধ্বংস করা হয়েছে।
তিনি আরও বলেন, কারা কী উদ্দেশ্যে বস্তু দুটি সেখানে রেখেছিল, তা খতিয়ে দেখা হচ্ছে।


