
আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে চাঁদাবাজিরও অভিযোগ
রাজশাহীতে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে প্রাণঘাতী হামলা ও হত্যাচেষ্টা মামলার এজাহারভুক্ত আসামিসহ আওয়ামী লীগের সক্রিয় দুই নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার পরিচালিত এক বিশেষ অভিযানে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—জাহিদ হাসান ও ইশরাক হোসেন। তাঁরা দীর্ঘদিন ধরে নগরীতে সাবেক মেয়রের ঘনিষ্ঠ প্রভাব খাটিয়ে বিভিন্ন অপকর্ম চালিয়ে আসছিলেন বলে অভিযোগ রয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত জাহিদ হাসান রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) সাবেক মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটনের মেয়ে ডা. আনিকা ফারিহা জামান অর্ণার সার্বক্ষণিক দেহরক্ষী হিসেবে এলাকায় পরিচিত ছিলেন। তাঁর প্রত্যক্ষ প্রভাবে জাহিদ ও ইশরাক নগরীতে ৪০ থেকে ৫০ জন তরুণের একটি সক্রিয় ক্যাডার বাহিনী গড়ে তোলেন।
গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থান চলাকালে আন্দোলনকারীদের ওপর সশস্ত্র হামলা ও নির্বিচারে গুলিবর্ষণের ঘটনায় নগরীর বোয়ালিয়া মডেল থানায় দায়ের করা হত্যাচেষ্টা মামলার ২১ নম্বর এজাহারভুক্ত আসামি এই জাহিদ।

অনুসন্ধানে জানা গেছে, ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর খোলস পাল্টানোর চেষ্টা করে জাহিদ-ইশরাক চক্র। স্থানীয় পর্যায়ের কিছু রাজনৈতিক ব্যক্তির সাথে সখ্যতা গড়ার কৌশল নিয়ে তারা এলাকায় নতুন করে প্রভাব বিস্তারের অপচেষ্টা চালায়। নগরীর বিভিন্ন এলাকায় বাড়ি বা ভবন নির্মাণ শুরু হলেই এই বাহিনী সেখানে গিয়ে ইট, বালু ও রড সরবরাহের নামে মালিকদের জিম্মি করত। অতিরিক্ত দর হাঁকিয়ে জোরপূর্বক নির্মাণসামগ্রী কিনতে বাধ্য করার পাশাপাশি মোটা অঙ্কের চাঁদা আদায়ের বিস্তর অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে।
ভুক্তভোগীদের অভিযোগ, পাওনা টাকা চাওয়ায় প্রায় এক মাস আগে সোলেমান নামের এক ব্যক্তিকে নৃশংস কায়দায় নির্যাতন করে এই বাহিনী। পাওনা পরিশোধের কথা বলে তাঁকে কৌশলে রাজশাহীতে ডেকে আনা হয়। এরপর একটি প্রাইভেট কারে তুলে হাত-পা বেঁধে বেধড়ক মারধর করা হয়। একপর্যায়ে তিনি অচেতন হয়ে পড়লে তাঁকে পাশের চাঁপাইনবাবগঞ্জ এলাকায় ফেলে যায় দুর্বৃত্তরা। যাওয়ার আগে জোরপূর্বক তাঁর কাছ থেকে কয়েকটি ফাঁকা নন-জুডিশিয়াল স্ট্যাম্পে স্বাক্ষরও নেওয়া হয়।
ডিবি পুলিশের হাতে চিহ্নিত এই দুই অভিযুক্ত গ্রেপ্তার হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন এলাকার ভুক্তভোগী সাধারণ মানুষ।
গোয়েন্দা পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ছাত্র আন্দোলনের মামলায় আইনি পদক্ষেপ নেওয়ার পাশাপাশি অপহরণ, নির্যাতন ও চাঁদাবাজির অন্যান্য অভিযোগগুলো খতিয়ে দেখা হচ্ছে।


