
পুলিশি সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সাংবাদিকদের সহযোগিতা কামনা
রাজশাহী মহানগরীতে কর্মরত গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. আশিক সাঈদ। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে রাজশাহী রেঞ্জ ডিআইজি কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় সাংবাদিকরা পুলিশি সেবা আরও সহজে ও দ্রুত মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে বিভিন্ন পরামর্শ দেন। পাশাপাশি মহানগরী ও জেলার সামাজিক নানা সমস্যা, অপরাধ পরিস্থিতি এবং সাধারণ মানুষের ভোগান্তির বিষয়গুলো তুলে ধরেন তাঁরা।
সাংবাদিকদের বক্তব্য ও পরামর্শ শুনে ডিআইজি মো. আশিক সাঈদ বলেন, সাধারণ মানুষ যাতে আইনি সেবা পেতে কোনো ধরনের হয়রানি বা ভোগান্তির শিকার না হন, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। পুলিশি সেবা জনগণের কাছে আরও সহজলভ্য করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কার্যকর ভূমিকা রাখার নির্দেশনা দেওয়া হবে বলেও জানান তিনি।
তিনি বলেন, ‘মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। অপরাধী যে-ই হোক, কাউকে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।’
পুলিশের কার্যক্রম আরও জনবান্ধব করতে গণমাধ্যমের সহযোগিতার ওপর গুরুত্ব দিয়ে ডিআইজি সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের পাশাপাশি অপরাধ ও সামাজিক সমস্যার তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানান।
সভায় রাজশাহী আরআরএফের কমান্ড্যান্ট অতিরিক্ত ডিআইজি দীন মোহাম্মদ, রাজশাহী জেলার পুলিশ সুপার মামুন অর রশীদসহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


