
সাভারের আমিনবাজারে পুলিশের বিশেষ শাখার এসআই আলতাব হোসেনকে (৫৮) পিটিয়ে হত্যার সুষ্ঠু বিচার এবং অত্র এলাকাকে মাদকমুক্ত করার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) জুম্মা নামাজের পর দুপুর আড়াইটার দিকে আমিনবাজার কেন্দ্রীয় জামে মসজিদের সামনে ঢাকা-আরিচা মহাসড়কের ঢাকামুখী সার্ভিস লেনের পাশে এ মানববন্ধন করেন স্থানীয়রা।
মানববন্ধন থেকে আমিন বাজার পুলিশ ক্যাম্পের কিছুসংখ্যক পুলিশ সদস্য ও স্থানীয় প্রভাবশালী চক্রের প্রত্যক্ষ ও পরোক্ষ মদদে এলাকাটিতে অবাধে মাদকের কেনা-বেচা চলছে বলে অভিযোগ করেন স্থানীয়রা।
মো. আলী হোসেন দুলাল বলেন, মাদক নির্মূলের মূল দায়িত্ব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। কিন্তু দিনের আলোতে সেতুর নিচে, আন্ডারপাসের সামনে ও প্রকাশ্যে গাড়িচালক-হেলপারদের কাছে গাজা ও অন্যান্য মাদক বিক্রি হচ্ছে। আমিনবাজার পুলিশ ক্যাম্পের পুলিশ কোনো ব্যবস্থা নিচ্ছে না। যারা ব্যবস্থা নিচ্ছে না তাদের সরিয়ে দিতে হবে।



