
ভারত থেকে বাংলাদেশ রেলওয়ের জন্য আমদানি করা ২০০টি ব্রডগেজ যাত্রীবাহী কোচের প্রথম চালানের ১৮টি কোচ দর্শনা হয়ে ঈশ্বরদী জংশন স্টেশনে পৌঁছেছে। পরে আনুষঙ্গিক কাজ শেষে কোচগুলো সৈয়দপুর রেলওয়ে কারখানার উদ্দেশে ছেড়ে যায়।
শুক্রবার (১৬ অক্টোবর) রাত ৯টা ৫৫ মিনিটে কোচগুলো ঈশ্বরদী জংশন স্টেশনের ১ নম্বর লাইনে এসে পৌঁছায়। রাত ১০টা ১৩ মিনিটে সেখান থেকে আজিমনগর হয়ে সৈয়দপুর রেলওয়ে কারখানার উদ্দেশে যাত্রা করে।

বিষয়টি নিশ্চিত করেছেন ঈশ্বরদী জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান।
বাংলাদেশ রেলওয়ের পাকশী বিভাগের বিভাগীয় মেকানিক্যাল ইঞ্জিনিয়ার (ডিএমই) রবিউল ইসলাম মুঠোফোনে জানান, কোচগুলো ঈশ্বরদী জংশন স্টেশন ছেড়ে সরাসরি সৈয়দপুর রেলওয়ে কারখানায় নেওয়া হচ্ছে। এ কার্যক্রম ঘিরে ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সংশ্লিষ্ট বিভাগীয় কর্মকর্তারা নিজ নিজ ক্ষেত্রে কাজ শুরু করেছেন।
প্রথম চালানের ১৮টি কোচের মধ্যে রয়েছে ১১টি নন-এসি শোভন চেয়ার কার, তিনটি এসি চেয়ার কার, দুটি এসি স্লিপার কেবিন ও দুটি এসি পাওয়ার কার।
রেলওয়ে সূত্রে জানা গেছে, কোচগুলোতে নন-এসি আসন রয়েছে ১০৪টি এবং এসি আসন ৮০টি। এ ছাড়া কেবিনে দিনে ৪৮টি ও রাতে ২৪টি আসনের ব্যবস্থা রয়েছে।
এর আগে ভারত থেকে আসা কোচগুলো দর্শনা আন্তর্জাতিক রেলস্টেশনে গ্রহণ করেন বাংলাদেশের প্রকল্প পরিচালক মো. জয়দুল ইসলাম, রেলওয়ে নিরাপত্তা বাহিনী পাকশীর কমান্ড্যান্ট মো. রেজওয়ান উর রহমান, বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা হাছিনা খাতুন, বিভাগীয় প্রকৌশলী-১ গৌতম বিশ্বাস, সহকারী কমান্ড্যান্ট মো. ফিরোজ আহমেদ এবং ভারতীয় প্রতিনিধি মিরাজ ও আকরামসহ বাংলাদেশ ও ভারতের রেলওয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা।


