
তেজাবি স্বর্ণের দাম কমার প্রভাবে দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম। প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ভালো মানের ২২ ক্যারেট স্বর্ণের দাম ২ হাজার ২১৬ টাকা কমিয়ে ভ্যাটসহ ২ লাখ ২৮ হাজার ৫৫৬ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে নতুন এ দর কার্যকর হয়েছে। স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম কমে যাওয়ায় নতুন দর নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছে বাজুস।

বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের বৈঠকে স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নতুন দর জানানো হয়।
নতুন মূল্য অনুযায়ী, সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরির দাম ২ হাজার ২১৬ টাকা কমিয়ে ভ্যাটসহ ২ লাখ ২৮ হাজার ৫৫৬ টাকা নির্ধারণ করা হয়েছে।
এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ৯৯ টাকা কমিয়ে ২ লাখ ১৮ হাজার ২৯২ টাকা করা হয়েছে। ১৮ ক্যারেটের প্রতি ভরির দাম ১ হাজার ৮০৮ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৮৭ হাজার ৪৪০ টাকা।
অন্যদিকে সনাতন পদ্ধতির স্বর্ণের প্রতি ভরির দামও ১ হাজার ৮০৮ টাকা কমানো হয়েছে। নতুন দর অনুযায়ী এ মানের স্বর্ণের দাম দাঁড়িয়েছে ১ লাখ ৫৩ হাজার ১৪৮ টাকা।
বাজুস জানিয়েছে, স্বর্ণের অলংকারের ক্ষেত্রে ডিজাইন অনুযায়ী মজুরি প্রযোজ্য হবে। স্বর্ণ ও রৌপ্যের বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট যুক্ত থাকায় ক্রেতার কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না।
এ ছাড়া অলংকার এক্সচেঞ্জ ও পারচেজের ক্ষেত্রে মজুরি ও পাথরের মূল্য বাদ দিয়ে যথাক্রমে ১২ শতাংশ ও ১৮ শতাংশ বাদ দেওয়ার নির্দেশনা দিয়েছে বাজুস।
পরবর্তী সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে বাজুস নির্ধারিত এই নতুন দর কার্যকর থাকবে।


