
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্মরণে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) শোকবই উন্মুক্ত করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। রোববার (৪ জানুয়ারি) সকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে সাধারণ শিক্ষার্থীদের জন্য এই শোকবইটি উন্মুক্ত করা হয়।

শোকবই উন্মুক্তকরণ কর্মসূচির উদ্বোধন করেন ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির। এ সময় উপস্থিত ছিলেন ঢাবি ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস ও সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপনসহ সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
উদ্বোধনী বক্তব্যে নাছির উদ্দীন নাছির বলেন, “বেগম খালেদা জিয়া বাংলাদেশের শিক্ষা বিস্তারে, বিশেষ করে নারী শিক্ষার উন্নয়নে যে বৈপ্লবিক ভূমিকা রেখেছেন, তা চিরস্মরণীয়। সাধারণ শিক্ষার্থীরা যেন তাদের প্রিয় নেত্রীর প্রতি শ্রদ্ধা ও নিজেদের অনুভূতি লিপিবদ্ধ করতে পারেন, সে লক্ষ্যেই আমাদের এই আয়োজন।”
একই অনুষ্ঠানে আইপিএল থেকে বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার ঘটনায় তীব্র প্রতিবাদ জানান ছাত্রদল সাধারণ সম্পাদক। তিনি বলেন, “মুস্তাফিজকে বাদ দেওয়ার মধ্য দিয়ে প্রতীয়মান হয় যে, ভারতের সরকার সে দেশের কট্টর হিন্দুত্ববাদী সংগঠনগুলোর চাপের কাছে নতি স্বীকার করেছে। আমরা অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানাই, এই অন্যায়ের বিরুদ্ধে যেন আন্তর্জাতিক পর্যায়ে কঠোর কূটনৈতিক অবস্থান গ্রহণ করা হয়।”
উল্লেখ্য, দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে এবং বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এই শোকবই কর্মসূচি পালন করছে ছাত্রদল।


