
নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুজ্জামান ভূঁইয়া। বুধবার (২ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, সংবিধানের ১৩৮(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি জনস্বার্থে অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুজ্জামান ভূঁইয়াকে পিএসসির চেয়ারম্যান পদে নিয়োগ দিয়েছেন।
সংবিধানের ১৩৯(১) অনুচ্ছেদ অনুযায়ী, দায়িত্ব গ্রহণের তারিখ থেকে পরবর্তী পাঁচ বছর অথবা তাঁর বয়স ৬৫ বছর পূর্ণ হওয়া—এর মধ্যে যেটি আগে ঘটে, সে সময় পর্যন্ত তিনি চেয়ারম্যান পদে দায়িত্ব পালন করবেন।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপপরিচালক (উপসচিব) মো. গোলাম রব্বানী স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ নিয়োগের বিষয়টি জানানো হয়।
এর আগে, জুলাই গণঅভ্যুত্থানের পর ২০২৪ সালের ৮ অক্টোবর পিএসসির তৎকালীন চেয়ারম্যান সোহরাব হোসাইনসহ কমিশনের অন্য সদস্যরা পদত্যাগ করেন। এর পরদিন ৯ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক মোবাশ্বের মোনেমকে পিএসসির চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়।
দায়িত্ব নেওয়ার প্রায় দুই বছর পর গত ১৮ আগস্ট চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেন অধ্যাপক ড. মোবাশ্বের মোনেম। তাঁর পদত্যাগের পর পিএসসির চেয়ারম্যান পদটি শূন্য হয়। এবার ওই পদে অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুজ্জামান ভূঁইয়াকে নিয়োগ দেওয়া হলো।


