
সামাজিক যোগাযোগমাধ্যমে নানা প্রচারণা, দায়িত্ব ও সততার ভিত্তিতে মূল্যায়নের আহ্বান
সামাজিক যোগাযোগমাধ্যমে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) মো. গাজিউর রহমানকে ঘিরে বিভিন্ন নেতিবাচক প্রচারণায় উদ্বেগ প্রকাশ করেছেন সচেতন নাগরিকদের অনেকে। বিশেষ করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে অভিযান চালিয়ে ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তারের ঘটনার পর একটি ভিডিও ছড়িয়ে পড়লে তাঁকে নিয়ে বিভিন্ন ফেসবুক আইডি থেকে নানা মন্তব্য ও অভিযোগ সামনে আসে।

তবে যাচাই-বাছাই ছাড়া কোনো ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ প্রচার ও ব্যক্তিগত আক্রমণ না করার আহ্বান জানিয়েছেন সচেতন মহল। তাঁদের মতে, কোনো সরকারি কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ থাকলে তা যথাযথ প্রক্রিয়ায় তদন্তের মাধ্যমে নিষ্পত্তি হওয়া উচিত।
রাজশাহীর বাগমারা উপজেলার বান্ধাইখাড়ায় জন্ম গাজিউর রহমানের। বগুড়ার সরকারি আজিজুল হক কলেজ থেকে অনার্স ও মাস্টার্স এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে এমপিএস ডিগ্রি অর্জন করেন তিনি। দীর্ঘ ১৬ বছরের পুলিশি কর্মজীবনে বিভিন্ন দায়িত্ব পালন করেছেন।
গাজিউর রহমানের দাবি, কর্মজীবনে বিভিন্ন সময় প্রতিকূল পরিস্থিতি ও হয়রানির মুখোমুখি হয়েছেন তিনি। রাজনৈতিক পরিচয়ের অভিযোগ ও একটি ছবি প্রকাশকে কেন্দ্র করেও তাঁকে নানা সমস্যায় পড়তে হয়েছে। তবে এসবের মধ্যেও পেশাদারিত্ব, নিষ্ঠা ও দায়িত্ববোধ নিয়ে কাজ করে যাওয়ার চেষ্টা করেছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণার বিষয়ে তিনি বলেন, কারও বিরুদ্ধে অভিযোগ থাকলে তা যথাযথ প্রক্রিয়ায় উত্থাপন করা উচিত। পরিচয় গোপন করে ভুয়া আইডি থেকে উদ্দেশ্যপ্রণোদিত তথ্য ছড়ানো কাম্য নয়। একজন পুলিশ কর্মকর্তাকে তাঁর কাজ, পেশাদারিত্ব ও দায়িত্ব পালনের ভিত্তিতে মূল্যায়ন করা উচিত।
তিনি আরও বলেন, গণতান্ত্রিক পরিবেশে পুলিশ বাহিনীকে পেশাদার ও জনবান্ধব প্রতিষ্ঠানে পরিণত করতে দায়িত্বশীল ভূমিকা পালন করতে চান।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির বলেন, গাজিউর রহমান একজন অভিজ্ঞ, দায়িত্বশীল ও পেশাদার পুলিশ কর্মকর্তা। তিনি নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। ব্যক্তিগত প্রচারণা নয়, একজন কর্মকর্তার কাজ, সততা ও পেশাদারিত্বই তাঁর মূল্যায়নের মাপকাঠি হওয়া উচিত। আমরা তাঁর দায়িত্বশীল ভূমিকা অব্যাহত রাখার প্রত্যাশা করি।
সচেতন নাগরিকদের মতে, অভিযোগের ক্ষেত্রে আবেগ বা সামাজিক যোগাযোগমাধ্যমের প্রচারণা নয়, তথ্য-প্রমাণ ও নিরপেক্ষ তদন্তই হওয়া উচিত মূল্যায়নের ভিত্তি।


