
গাজায় ২০২৫ সালের অক্টোবরে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েলি হামলায় ৩৪০টিরও বেশি শিশু নিহত হয়েছে। এ সময়ে আহত হয়েছে আরও শত শত শিশু। জাতিসংঘের শিশু তহবিল ইউনিসেফের মুখপাত্র রিকার্ডো পিরেস এ তথ্য জানিয়েছেন।
শনিবার আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, জেনেভায় জাতিসংঘের সদর দপ্তরে এক সংবাদ ব্রিফিংয়ে রিকার্ডো পিরেস জানান, গাজা উপত্যকায় অবরোধ অব্যাহত থাকার মধ্যেও ফিলিস্তিনিদের ওপর হামলা চলছে।

ইউনিসেফের মুখপাত্র বলেন, গত দুই সপ্তাহে হামলায় পাঁচ ছেলে ও দুই মেয়ে শিশুর মৃত্যু হয়েছে। এ ছাড়া অন্তত ৩৩ শিশু গুরুতর আহত হয়েছে।
গাজায় এখনো প্রায় আট লাখ শিশু বাস্তুচ্যুত অবস্থায় রয়েছে বলে জানান পিরেস। এসব শিশুর অধিকাংশই তাঁবু কিংবা অনিরাপদ ভবনে আশ্রয় নিয়েছে। আসন্ন শীত মৌসুমে তাদের দুর্ভোগ আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।
পিরেসের ভাষ্য অনুযায়ী, টানা চতুর্থ বছরের মতো ফিলিস্তিনি শিশুদের অমানবিক ও বসবাসের অনুপযোগী পরিবেশে শীতকাল কাটাতে হতে পারে।
অবরোধ, বাস্তুচ্যুতি ও নিরাপদ আশ্রয়ের অভাবে গাজার শিশুদের জীবন ও সুরক্ষা নিয়ে গভীর উদ্বেগ জানিয়েছে ইউনিসেফ। সংস্থাটির বক্তব্যে উঠে এসেছে, যুদ্ধবিরতির পরও হামলা ও অনিশ্চিত জীবনযাপনের কারণে উপত্যকাটির শিশুদের সংকট কাটেনি।


