
ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা এলাকায় চাঁদাবাজির চিত্র তুলে ধরে বলেছেন, এমন পরিস্থিতি তৈরি হয়েছে যে গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়। একই সঙ্গে চাঁদাবাজ ও মামলাবাজদের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়ে তিনি বলেছেন, নিজ এলাকায় এমন অন্যায় বরদাশত করা হবে না; প্রয়োজনে তিনি নিজেই রাজপথে নামবেন।
শুক্রবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার প্রত্যন্ত পাকশিমুল ইউনিয়নের জয়দরকান্দি গ্রামের ১ ও ২ নম্বর ওয়ার্ডের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রুমিন ফারহানা বলেন, “বাংলাদেশের এখন এই অবস্থা হয়েছে যে গরু-মহিষরে ঘাস খাওয়াইতে হইলেও চান্দা দিয়া খাওয়াইতে হয়। চান্দা না দিলে খামারের মাছের খাবারে বিষ মেশানো হয়।”

তিনি বলেন, এলাকায় চাঁদাবাজি ও হয়রানিমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে আপসহীন অবস্থান নেওয়া হবে। কেউ অন্যায়ের সঙ্গে জড়িত থাকলে তাকে ছাড় দেওয়া হবে না বলেও তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন।
মতবিনিময় সভায় স্থানীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি আইনশৃঙ্খলা ও জনস্বার্থ-সংশ্লিষ্ট বিষয়ে সচেতন থাকার আহ্বান জানান এবং চাঁদাবাজি প্রতিরোধে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।


