
স্টাফ রিপোর্টার: রাকিবুল ইসলাম
রাজশাহীর মোহনপুর উপজেলার কেশরহাট পৌরসভা নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক অঙ্গনে বইছে নতুন হাওয়া। সম্ভাব্য প্রার্থীদের নানা প্রতিশ্রুতি ও পরিকল্পনায় জমে উঠেছে নির্বাচনী আলোচনা। এরই অংশ হিসেবে কেশরহাট পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক মশিউর রহমানের সঙ্গে কথা বলেছে টিএম টিভি।সম্ভাব্য মেয়র প্রার্থী হিসেবে আলোচনায় থাকা মশিউর রহমান একটি স্বচ্ছ, নিরপেক্ষ ও জবাবদিহিমূলক নির্বাচন ব্যবস্থার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, “জনগণের ভোটাধিকার নিশ্চিত হলেই প্রকৃত জনপ্রতিনিধি নির্বাচিত হবে এবং এলাকার উন্নয়ন ত্বরান্বিত হবে।”

পৌরসভার প্রধান সমস্যা প্রসঙ্গে তিনি রাস্তাঘাটের বেহাল অবস্থা, কৃষি খাতের উন্নয়ন এবং কর্মসংস্থানের অভাবকে অগ্রাধিকার দেন। নির্বাচিত হলে গ্রামীণ সড়ক উন্নয়ন, কৃষকদের জন্য আধুনিক প্রযুক্তি ও বাজার সুবিধা সম্প্রসারণ এবং স্থানীয়ভাবে কর্মসংস্থান সৃষ্টির উদ্যোগ নেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি।
দীর্ঘদিন ধরে বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালনের অভিজ্ঞতা তার কাজে সহায়ক হবে বলে উল্লেখ করেন মশিউর রহমান। তিনি বলেন, “সংগঠনের মাধ্যমে মানুষের সঙ্গে সরাসরি কাজ করার অভিজ্ঞতা আমাকে জনগণের সমস্যা বুঝতে সাহায্য করেছে।”
পৌর অবকাঠামো উন্নয়নে তার পরিকল্পনার মধ্যে রয়েছে টেকসই সড়ক নির্মাণ, আধুনিক ড্রেনেজ ব্যবস্থা এবং দ্রুত পানি নিষ্কাশনের কার্যকর উদ্যোগ। পাশাপাশি স্বাস্থ্য ও স্যানিটেশন খাতে একটি পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত পৌরসভা গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। এ লক্ষ্যে কমিউনিটি ক্লিনিকের কার্যক্রম জোরদার ও নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম চালুর কথা জানান।
ডিজিটাল সেবার প্রসারে তিনি একটি আধুনিক পৌরসভা গড়ে তোলার কথা বলেন, যেখানে নাগরিকরা ঘরে বসেই বিভিন্ন সেবা গ্রহণ করতে পারবেন। অনলাইন ট্যাক্স প্রদান, জন্মনিবন্ধনসহ বিভিন্ন নাগরিক সেবা সহজীকরণের পরিকল্পনাও তুলে ধরেন তিনি।
এছাড়া নারী, বয়স্ক ও প্রতিবন্ধী নাগরিকদের জন্য বিশেষ উদ্যোগ নেওয়ার কথাও জানান মশিউর রহমান। তার পরিকল্পনায় রয়েছে নারীদের কর্মসংস্থান ও প্রশিক্ষণ, বয়স্কদের সামাজিক নিরাপত্তা বৃদ্ধি এবং প্রতিবন্ধীদের জন্য বিশেষ সহায়তা নিশ্চিত করা।
দল-মত নির্বিশেষে সকল নাগরিকের জন্য কাজ করার অঙ্গীকার ব্যক্ত করে তিনি বলেন, “আমি মেয়র হলে পুরো পৌরবাসীর প্রতিনিধি হিসেবে কাজ করবো, কোনো দলীয় বিভাজন থাকবে না।”
পৌরবাসীর উদ্দেশ্যে তার বার্তা, “আমি আপনাদের একজন। আপনাদের সমস্যার কথা জানি। সুযোগ দিলে একটি উন্নত, আধুনিক ও মানবিক কেশরহাট পৌরসভা গড়ে তুলতে সর্বোচ্চ চেষ্টা করবো।”
।মশিউর রহমান দীর্ঘদিন ধরে স্থানীয় সামাজিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রেখে আসছেন। জনসচেতনতা সৃষ্টি ও মানুষের পাশে দাঁড়ানোর মাধ্যমে ইতোমধ্যেই তিনি পৌরবাসীর কাছে একটি গ্রহণযোগ্য মুখ হিসেবে পরিচিতি পেয়েছেন।


