
শনিবার (১০ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে জামালপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার বিপরীতে ভারতের অভ্যন্তরে এ ঘটনা ঘটে। বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ সীমান্ত থেকে আনুমানিক ৩০০ গজ ভারতের অভ্যন্তরে গুলিবর্ষণের ঘটনা ঘটে। এতে এক বাংলাদেশি নাগরিকের পায়ে গুলি লাগে। ঘটনার পরপরই বিজিবির নিয়মিত টহলদল পরিস্থিতি মোকাবিলায় তৎপর হয়। সীমান্তের এপারে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি পাল্টা ফায়ার করে।

তবে আহত ব্যক্তির নাম-পরিচয়, কী পরিস্থিতিতে তিনি গুলিবিদ্ধ হয়েছেন এবং বর্তমানে তার শারীরিক অবস্থা কেমন—এসব বিষয়ে বিজিবির বিজ্ঞপ্তিতে বিস্তারিত জানানো হয়নি।
কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি জানান, দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং সীমান্তবর্তী জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সর্বোচ্চ সতর্কতা, পেশাদারি ও দৃঢ়তার সঙ্গে দায়িত্ব পালন করছে।
তিনি আরও জানান, সীমান্তে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়ানো এবং স্থিতিশীলতা বজায় রাখতে সীমান্তজুড়ে টহল ও নজরদারি জোরদার করা হয়েছে।
এদিকে সীমান্তে স্থিতিশীলতা বজায় রাখতে স্থানীয় বাসিন্দাদের অননুমোদিত কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে ৪৭ বিজিবি।


