
ভারতীয় টেলিভিশনের জনপ্রিয় ও বিতর্কিত অভিনেত্রী শিল্পা শিন্ডে এক চাঞ্চল্যকর সত্য প্রকাশ করেছেন। দীর্ঘ ৯ বছর পর তিনি স্বীকার করলেন যে, তাঁর অভিনীত জনপ্রিয় শো ‘ভাবিজি ঘর পর হ্যায়’-এর প্রযোজকের বিরুদ্ধে করা যৌন হেনস্তার অভিযোগটি ছিল সম্পূর্ণ সাজানো ও মিথ্যা।

সম্প্রতি কৌতুকশিল্পী ভারতী সিং ও হর্ষ লিম্বাচিয়ার পডকাস্টে অতিথি হিসেবে উপস্থিত হয়ে শিল্পা তাঁর জীবনের এই বড় বিতর্ক নিয়ে খোলামেলা আলোচনা করেন। তিনি জানান, পরিস্থিতির চাপে পড়েই তিনি একসময় এমন চরম সিদ্ধান্ত নিয়েছিলেন।
শিল্পা শিন্ডে বলেন, “আমি আজ সত্যিটা বলতে চাই। সেই সময় প্রযোজক ও প্রোডাকশন হাউসের সাথে আমার বিরোধ চরম আকার ধারণ করেছিল। আমার বকেয়া পারিশ্রমিক আটকে দেওয়া হয়েছিল এবং আমাকে সবদিক থেকে কোণঠাসা করা হয়েছিল। নিজেকে রক্ষা করার আর কোনো পথ খুঁজে না পেয়ে আমি যৌন হয়রানির অভিযোগ দায়ের করি।”
অভিনেত্রী আরও যোগ করেন, “পুলিশে অভিযোগ দেওয়ার সময় আমাকে বলা হয়েছিল যে বিষয়টি গুরুত্বের সাথে লিখতে হবে। আমি আইন নিয়ে পড়াশোনা করেছি, তাই সবকিছু জেনেশুনেই সেই পথে পা বাড়িয়েছিলাম। তবে এখন আমি সরাসরি স্বীকার করছি যে সেই অভিযোগটি সত্য ছিল না।”
শিল্পা জানান, অভিযোগ করার পর শিল্পে তাঁর ভাবমূর্তি নিয়ে প্রশ্ন ওঠে এবং অনেক প্রযোজক তাঁর বিপক্ষে অবস্থান নেন। তবে শেষ পর্যন্ত দুই পক্ষের মধ্যে সমঝোতা হয় এবং তাঁর আটকে থাকা কয়েক মাসের বকেয়া টাকা পরিশোধ করা হয়। পাওনা অর্থ পাওয়ার পর তিনি সেই পরিস্থিতি থেকে বেরিয়ে আসেন।
উল্লেখ্য, ২০১৬ সালে ‘ভাবিজি ঘর পর হ্যায়’ ধারাবাহিকের প্রযোজক সঞ্জয় কোহলি ও বিনাইফার কোহলির সাথে পারিশ্রমিক ও চুক্তির শর্ত নিয়ে শিল্পার দীর্ঘ আইনি লড়াই চলেছিল। সেই সময় প্রযোজকরা তাঁকে ‘অপেশাদার’ আখ্যা দিয়ে আইনি নোটিশ পাঠিয়েছিলেন। সেই উত্তপ্ত পরিস্থিতিতেই শিল্পা যৌন হয়রানির অভিযোগ তুলেছিলেন, যা সেই সময় ভারতজুড়ে ব্যাপক তোলপাড় সৃষ্টি করেছিল।
সূত্র: হিন্দুস্থান টাইমস।


