প্রায় এক বছর পর শুরু হতে যাওয়া বিশ্বকাপের সূচি নিয়ে এরই মধ্যে শুরু হয়েছে আলোচনা। ‘টাইমস অব ইন্ডিয়া’র এক সাংবাদিক সামাজিক মাধ্যমে দেওয়া পোস্টে জানিয়েছেন, ১ অক্টোবর কেপটাউনে অনুষ্ঠানের মাধ্যমে বিশ্বকাপের সূচি প্রকাশের সম্ভাবনা রয়েছে। ৩০ সেপ্টেম্বর র্যাঙ্কিংয়ের কাটঅফের পর বিশ্বকাপের ১০টি দলও নিশ্চিত হয়ে যাবে বলে ওই পোস্টে উল্লেখ করা হয়েছে।
২০২৭ বিশ্বকাপ আগামী ৪ অক্টোবর থেকে ২১ নভেম্বর পর্যন্ত হওয়ার কথা। তবে একটি প্রতিবেদনে টুর্নামেন্ট শুরুর সম্ভাব্য তারিখ ৫ অক্টোবর বলা হয়েছে। ফলে সূচি প্রকাশের পরই বিশ্বকাপের উদ্বোধনী দিন নিয়ে তৈরি হওয়া ধোঁয়াশা দূর হওয়ার কথা।
বিশ্বকাপের তিন আয়োজক দেশের মধ্যে দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে সরাসরি মূল পর্বে খেলবে। অন্যদিকে ৩০ সেপ্টেম্বরের আইসিসি র্যাঙ্কিং কাটঅফ অনুযায়ী দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে বাদে শীর্ষ আট দল সরাসরি বিশ্বকাপের টিকিট পাবে।
বর্তমান র্যাঙ্কিংয়ের অবস্থান অপরিবর্তিত থাকলে সরাসরি বিশ্বকাপে জায়গা পাওয়া আট দলের মধ্যে রয়েছে ভারত, নিউজিল্যান্ড, পাকিস্তান, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, শ্রীলঙ্কা, আফগানিস্তান ও বাংলাদেশ। অর্থাৎ বাংলাদেশের সরাসরি বিশ্বকাপে খেলা অনেকটাই নিশ্চিত হওয়ার পথে।
তবে দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজের জন্য পরিস্থিতি ভিন্ন। বর্তমানে র্যাঙ্কিংয়ের দশ নম্বরে থাকা দলটি কাটঅফের আগে ভারতের বিপক্ষে জয় পেলেও শীর্ষ আটে ওঠার সুযোগ পাবে না। ফলে টানা তৃতীয় বিশ্বকাপে মূল পর্বে জায়গা পেতে তাদের বাছাইপর্বের বাধা পেরোতে হবে।
আগামী ২২ ফেব্রুয়ারি থেকে ২৩ মার্চ পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজ ও আয়ারল্যান্ডসহ ১০টি দল বাছাইপর্বে অংশ নেওয়ার কথা রয়েছে। সেখান থেকে শীর্ষ চার দল ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের বাকি চারটি জায়গা পূরণ করবে।
ফলে ৩০ সেপ্টেম্বরের র্যাঙ্কিং কাটঅফ এবং ১ অক্টোবর সূচি ঘোষণার মধ্য দিয়ে ২০২৭ বিশ্বকাপের দল ও সূচি—দুই ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ চিত্র স্পষ্ট হয়ে উঠবে