
নিজস্ব প্রতিবেদক
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগ তুলে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম। তিনি বলেছেন, মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীকে পদত্যাগ করানো হলেও আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য প্রধানত দায়ী স্বরাষ্ট্রমন্ত্রীকে কোনো ধরনের জবাবদিহির আওতায় আনা হচ্ছে না। দেশবাসী এখন স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের অপেক্ষায় রয়েছে।

সোমবার (১৯ অক্টোবর) সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষে শ্রী শ্রী পূর্ব বাড্ডা নিমতলা কালীমন্দির পরিদর্শনকালে এসব কথা বলেন নাহিদ ইসলাম।
তিনি বলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রী সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছেন। স্বরাষ্ট্রমন্ত্রীর যে কাজ, তিনি তা করছেন না। তিনি সংবিধান নিয়ে ব্যস্ত আছেন।’ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর জবাবদিহি নিশ্চিত করারও দাবি জানান তিনি।
ইশরাক হোসেনের প্রসঙ্গ টেনে নাহিদ ইসলাম বলেন, ইশরাক হোসেন ফৌজদারি অপরাধ করেছেন বলে তাঁর অভিযোগ। এ বিষয়ে আইন প্রয়োগকারী সংস্থাকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। এর আগে ‘মিষ্টি’ পদত্যাগ করলেও তাঁকে এখনো গ্রেপ্তার করা হয়নি বলে দাবি করেন তিনি।
নাহিদ ইসলাম বলেন, ‘এক ব্যক্তির ইচ্ছা-অনিচ্ছা, অনুরোধ বা নির্দেশনামতো দেশ চলছে। এটা কোনো গণতন্ত্রের উদাহরণ নয়, আইনের শাসনেরও উদাহরণ নয়।’
সংবিধান সংশোধন কমিটি নিয়েও সরকারের সমালোচনা করেন এনসিপির আহ্বায়ক। তিনি বলেন, সংবিধান সংশোধন কমিটির নামে সরকার এখনো নাটক করছে। এ কমিটিকে দেশের মানুষ প্রত্যাখ্যান করেছে বলে দাবি করেন তিনি। তাঁর অভিযোগ, দলীয় সুশীল ও বুদ্ধিজীবীদের নিয়ে কমিটি বৈঠক করছে এবং তাঁদের দিয়ে বিএনপি নিজেদের মেনে নেওয়া সংস্কারের বিরুদ্ধে বক্তব্য দেওয়াচ্ছে। এসব কর্মকাণ্ডকে জনগণের সঙ্গে প্রহসন বলেও মন্তব্য করেন তিনি।
মন্দির পরিদর্শনকালে এনসিপির মুখপাত্র ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র প্রার্থী আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ দলটির কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।


