
বৈশ্বিক পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে সময়োপযোগী করা এবং সেনাবাহিনীর আধুনিকায়নে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (১৮ অক্টোবর) সকালে সাভার সেনানিবাসে বাংলাদেশ সেনাবাহিনীর সাতটি ইউনিটকে জাতীয় পতাকা প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, জাতীয় পতাকা স্বাধীনতা, সার্বভৌমত্ব ও আত্মত্যাগের কথা স্মরণ করিয়ে দেয়। পতাকার মর্যাদা রক্ষা করা প্রতিটি সৈনিকের দায়িত্ব।

তিনি বলেন, শুধু সামরিক সক্ষমতা নয়, শৃঙ্খলা, দক্ষতা, নেতৃত্ব, নৈতিকতা ও জনগণের আস্থার মাধ্যমেও সশস্ত্র বাহিনীর শক্তি গড়ে ওঠে। প্রযুক্তিনির্ভর, দক্ষ, শৃঙ্খলাবদ্ধ ও পেশাদার সশস্ত্র বাহিনী গড়ে তোলার কার্যক্রম অব্যাহত রয়েছে।
তারেক রহমান আরও বলেন, জাতীয় স্বার্থ ও আত্মমর্যাদা রক্ষা করে বিশ্বের সব দেশের সঙ্গে বন্ধুত্ব ও সহযোগিতার সম্পর্ক সুদৃঢ় করতে চায় সরকার।
এর আগে সকাল সোয়া ৯টার দিকে গুলশানের নিজ বাসভবন থেকে সাভার সেনানিবাসে পৌঁছান প্রধানমন্ত্রী। এ সময় তাঁকে স্বাগত জানান সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
সেনানিবাসে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করে সেনাবাহিনীর একটি চৌকস দল। এ সময় তিনি উপস্থিত সেনাসদস্যদের সঙ্গে সালাম বিনিময় করেন। পরে সেনাবাহিনীর নবম পদাতিক ডিভিশনের সাতটি ইউনিটকে জাতীয় পতাকা প্রদান করেন তিনি।
অনুষ্ঠানে জাতীয় পতাকার মর্যাদা সমুন্নত রাখা, পেশাদারত্ব বজায় রাখা এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সেনাসদস্যদের দায়িত্ব পালনের গুরুত্ব তুলে ধরা হয়।


