
নিজস্ব প্রতিবেদক
দেশে সাম্প্রতিক সময়ে শিশু নিখোঁজের ঘটনা নিয়ে যেসব খবর ও অপপ্রচার চলছে, তাকে একটি সুপরিকল্পিত ষড়যন্ত্র হিসেবে আখ্যায়িত করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির। তিনি জানিয়েছেন, নিখোঁজ হওয়া শিশুদের মধ্যে ইতোমধ্যে ৮৭ শতাংশেরই সন্ধান পাওয়া গেছে।

শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচিতে অংশ নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
আইজিপি বলেন, ‘শিশু নিখোঁজের ঘটনা আগেও ছিল। তবে এখন উদ্দেশ্যমূলকভাবে তা ফলাও করে গণমাধ্যমে প্রচার করা হচ্ছে। বিষয়টিকে বাংলাদেশ পুলিশ একটি গভীর ষড়যন্ত্র বলে মনে করে। তথ্য বলছে, নিখোঁজ হওয়া শিশুদের বড় একটি অংশ—৮৭ শতাংশ—উদ্ধার হয়েছে বা তাদের সন্ধান পাওয়া গেছে।’
সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত অসাধু পুলিশ কর্মকর্তাদের বিষয়ে সতর্ক করে আলী হোসেন ফকির বলেন, ‘বাংলাদেশ পুলিশে ১ শতাংশের কম অফিসার খারাপ। এরা সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। আমরা এই অসৎ পুলিশ অফিসারদের চিহ্নিত করেছি।’
গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমের অপব্যবহারের বিষয়েও সতর্ক করেন আইজিপি। তিনি বলেন, ‘কিছু হলুদ সাংবাদিক আছেন, যারা সরকারকে চাপে ফেলতে অব্যাহতভাবে ষড়যন্ত্রমূলক সংবাদ প্রচার করছেন। এছাড়া কিছু কনটেন্ট ক্রিয়েটর সামাজিক যোগাযোগমাধ্যমে মনগড়া ও ভিত্তিহীন গুজব ছড়িয়ে যাচ্ছেন। তাদেরও চিহ্নিত করার প্রক্রিয়া চলছে।’
আইনশৃঙ্খলা পরিস্থিতি ও অপরাধ নিয়ন্ত্রণ প্রসঙ্গে পুলিশের মহাপরিদর্শক বলেন, বর্তমানে বিশেষ করে রাজধানী ঢাকায় কিশোর অপরাধ ভয়াবহ আকার ধারণ করেছে। একই সঙ্গে মাদক ব্যবসায়ী ও ছিনতাইকারীদের গ্রেপ্তারের পরও তারা দ্রুত কারাগার থেকে বেরিয়ে আসছে।
তিনি বলেন, ‘মাদক ব্যবসায়ী ও ছিনতাইকারীদের একাধিকবার গ্রেপ্তার করার পরেও আইনের ফাঁকফোকরের কারণে তারা দ্রুতই কারাগার থেকে বেরিয়ে আসছে। তাদের বেশি দিন আটকে রাখা সম্ভব হচ্ছে না।’
এর আগে শনিবার সকালে রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে একটি বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন আইজিপি আলী হোসেন ফকির। সেখানে শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেন তিনি।


