
ইনকোর্স পরীক্ষা দিতে এসে আটকের দাবি; ফোনে আওয়ামী লীগের বিভিন্ন গ্রুপে যোগাযোগের অভিযোগ শিক্ষার্থীদের
রাজশাহী কলেজে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের দুই কর্মীকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন শিক্ষার্থীরা। বুধবার (১৮ নভেম্বর) বেলা ১২টার দিকে কলেজের নজরুল চত্বর থেকে তাঁদের আটক করা হয়। আটক দুজনই কলেজের সমাজবিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী।

আটক শিক্ষার্থীরা হলেন মোহনপুর উপজেলার তশোপাড়া গ্রামের রবিউল ইসলামের ছেলে মো. ফয়সাল আহমেদ এবং ফুলশো গ্রামের হযরত আলীর ছেলে মেশকাতুল আহমেদ হবি।
শিক্ষার্থীদের দাবি, জিজ্ঞাসাবাদে আটক দুজন নিজেদের ছাত্রলীগের কর্মী বলে স্বীকার করেছেন। তাঁদের পরিবার আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত থাকলেও ৫ আগস্টের পর থেকে তাঁরা বা পরিবারের সদস্যরা দলটির রাজনীতিতে সক্রিয় নন বলে দাবি করেন। তাঁরা জানান, প্রথম বর্ষের ইনকোর্স পরীক্ষা দিতেই কলেজে এসেছিলেন। তবে সুযোগ পেলে আবারও আওয়ামী লীগের রাজনীতিতে যুক্ত হওয়ার কথাও জানিয়েছেন বলে দাবি শিক্ষার্থীদের।
এ বিষয়ে রাজশাহী কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক রাসিকুজ্জামান প্রীতম বলেন, তারা কী নিয়ে গর্ব করে? তাদের নেত্রী তো পালিয়ে গেছেন, আর ফিরে আসবেন না। এভাবে সারা দেশে ছাত্রলীগ নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করলে ছাত্রদল সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে তাদের প্রতিহত করবে।
শিক্ষার্থী রাজিব বলেন, তারা নিজের মুখেই স্বীকার করেছে যে তারা ছাত্রলীগ করে। তাদের একজনের ফোন তল্লাশি করে আওয়ামী লীগের বিভিন্ন গ্রুপের সঙ্গে নিয়মিত যোগাযোগের তথ্য পাওয়া গেছে। এমনকি গতকালও তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে আপত্তিকর মন্তব্য ও লেখালেখি করেছেন। আমরা তাদের কঠোর শাস্তি দাবি করছি।
তবে আটক শিক্ষার্থীদের বিরুদ্ধে আনা অভিযোগগুলোর স্বাধীনভাবে সত্যতা যাচাই করা যায়নি। তাঁদের বক্তব্যেরও বিস্তারিত পাওয়া যায়নি।
এ বিষয়ে রাজশাহী কলেজের অধ্যক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ঘটনাটি সম্পর্কে কিছু জানেন না বলে জানান। পাশাপাশি এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।


