
মোবাইল অ্যাকাউন্টে প্রণোদনা পাঠালেন প্রধানমন্ত্রী, চেক পেলেন ১৫ কৃষক
আখচাষীদের উৎপাদনে উৎসাহ জোগাতে রাজশাহী অঞ্চলের ৩৮ হাজার ৯৭০ জন কৃষকের জন্য ১২ কোটি টাকার প্রণোদনা কার্যক্রম উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে কম্পিউটারে বোতাম চেপে এ অর্থ কৃষকদের মোবাইল অ্যাকাউন্টে পাঠানোর কার্যক্রম উদ্বোধন করেন তিনি। একই অনুষ্ঠানে ১৫ জন আখচাষীর হাতে চেক তুলে দেন প্রধানমন্ত্রী।

প্রণোদনা কার্যক্রম উদ্বোধনের আগে তারেক রহমান বলেন, “এখন আমি কম্পিউটারে একটা বোতাম চাপ দেব। চাপটা দেওয়ার সঙ্গে সঙ্গে কয়েক মিনিটের মধ্যে আখচাষী ভাইদের অ্যাকাউন্টে সরকারের পক্ষ থেকে দেওয়া সহযোগিতা পৌঁছে যাবে, ইনশাআল্লাহ।”
তিনি বলেন, “সরকার আখচাষীদের সহযোগিতার জন্য মোট ১২ কোটি টাকা বরাদ্দ দিয়েছে। বরাদ্দের অর্থ ৩৮ হাজার ৯৭০ জন আখচাষীর কাছে পৌঁছে দেওয়া হবে। আমি আশা করছি, কৃষকদের এ সহযোগিতা তাঁদের আখচাষে সহায়তা করবে।”
প্রধানমন্ত্রী ‘আলহামদুলিল্লাহ’ বলে কম্পিউটারের বোতাম চাপেন। এ সময় জনসভাস্থলে উপস্থিত হাজারো মানুষ সমস্বরে ‘বিসমিল্লাহ’ উচ্চারণ করে উচ্ছ্বাস প্রকাশ করেন।
অনুষ্ঠানে ১৫ জন আখচাষীর হাতে চেক তুলে দেন প্রধানমন্ত্রী। তাঁরা হলেন—আবু সাঈদ চান, আবদুল আউয়াল মালেক, আবদুল মান্নান মণ্ডল, এমাজ উদ্দিন, মো. কাহার, গোলাম রাব্বানী, সবিতা রানী, জালাল উদ্দিন মৃধা, জিয়াউল হক, মহিদুল ইসলাম, আবদুল মাজেদ, নিরান্দ কুমার ঘোষ, শামীমুর রহমান, রীমা খাতুন ও রফিকুল ইসলাম।
এর আগে বিকেল ৩টা ২৫ মিনিটে জনসভাস্থলে পৌঁছান প্রধানমন্ত্রী। বিএনপির নেতাকর্মী, সমর্থক ও উপস্থিত জনতা তাঁকে স্বাগত জানান।
জনসভায় সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। সঞ্চালনা করেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মো. মাহফুজুর রহমান রিটন।
এতে বক্তব্য দেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, বিএনপির সহসভাপতি ও সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী, ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু, শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মেজর (অব.) শরীফ উদ্দিন, সংসদ সদস্য নিপুণ রায় চৌধুরী, রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন, রাজশাহী-৬ আসনের সংসদ সদস্য আবু সাঈদ চাঁদ, বিএনপির কেন্দ্রীয় কমিটির বন ও পরিবেশবিষয়ক সম্পাদক মোসাদ্দেক হোসেন বুলবুল, সহসাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম আলিম এবং রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন অর রশিদ।


