
আন্তর্জাতিক ডেস্ক
যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান যুদ্ধ দীর্ঘায়িত করার পরিকল্পনা করছে ইরান। দেশটির সামরিক সক্ষমতা নিয়ে আত্মবিশ্বাস বাড়ায় যুদ্ধ চালিয়ে যাওয়ার পাশাপাশি যুক্তরাষ্ট্রকে কূটনৈতিক ও রাজনৈতিকভাবে চাপে রাখার কৌশল নিয়েছে তেহরান। মার্কিন গোয়েন্দা কর্মকর্তাদের বরাত দিয়ে শনিবার (৫ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে নিউইয়র্ক টাইমস।

প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে হামলা চালানোর সক্ষমতা নিয়ে ইরান এখন আগের চেয়ে অনেক বেশি আত্মবিশ্বাসী। দেশটি যুদ্ধ দীর্ঘায়িত করতে আগ্রহী, যাতে যুক্তরাষ্ট্র সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়ার কারণে বিব্রতকর পরিস্থিতিতে পড়ে।
সম্প্রতি ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে হামলা-পাল্টা হামলার ঘটনা সীমিত পর্যায়ে থাকলেও পরিস্থিতি আরও উত্তপ্ত হওয়ার আশঙ্কা রয়েছে। মার্কিন গোয়েন্দাদের ধারণা, ইরান চাইলে আগামী দিনে হামলার মাত্রা বাড়াতে পারে।
সংশ্লিষ্ট সূত্র নিউইয়র্ক টাইমসকে জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সংঘাতের মধ্য দিয়ে ইরান নিজেদের সামরিক সক্ষমতা সম্পর্কে নতুন করে ধারণা পেয়েছে। একই সঙ্গে দীর্ঘমেয়াদে যুদ্ধ চালিয়ে যাওয়ার সক্ষমতা তাদের রয়েছে—এমন বিশ্বাসও তৈরি হয়েছে দেশটির মধ্যে।
মার্কিন গোয়েন্দারা মনে করছেন, এই পরিস্থিতিতে ইরানের সঙ্গে কোনো চুক্তিতে পৌঁছানোও কঠিন হয়ে পড়েছে। পাশাপাশি যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রাজনৈতিক অবস্থান দুর্বল করার লক্ষ্যও থাকতে পারে তেহরানের।
প্রতিবেদনে আরও বলা হয়, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার জবাবে ইরান উত্তেজনা বাড়ানোর পথে যেতে পারে। এর অংশ হিসেবে গত জুলাইয়ের মতো মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা চালানোর পাশাপাশি প্রতিবেশী দেশগুলোর বিভিন্ন অবকাঠামোও লক্ষ্যবস্তু করা হতে পারে।
এ ছাড়া ইরানি হ্যাকাররা পুনর্গঠিত হয়ে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সাইবার হামলার চেষ্টা চালাতে পারে বলে আশঙ্কা করছেন মার্কিন গোয়েন্দারা। এসব হামলার অন্যতম লক্ষ্য হতে পারে যুক্তরাষ্ট্রের সাধারণ মানুষের মধ্যে যুদ্ধবিরোধী মনোভাব তৈরি করা।
সূত্র: নিউইয়র্ক টাইমস


