
১৫ নভেম্বরের মধ্যে লাগাতে হবে নির্ধারিত মাপের প্লেট, মানতে হবে রং ও নকশার নিয়ম
মোটরসাইকেলের পেছনে ডিজিটাল নম্বরপ্লেট থাকলেও এবার সামনে লাগাতে হবে নির্ধারিত মাপের ম্যানুয়াল নম্বরপ্লেট। এ জন্য আগামী ১৫ নভেম্বর পর্যন্ত সময় বেঁধে দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। নির্ধারিত নিয়ম না মানলে সংশ্লিষ্ট মালিকদের বিরুদ্ধে নেওয়া হতে পারে আইনগত ব্যবস্থা।

গত ১৬ অক্টোবর প্রকাশিত এক জরুরি গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেয় বিআরটিএ। সড়ক পরিবহন আইন, ২০১৮ এবং সড়ক পরিবহন বিধিমালা, ২০২২ অনুযায়ী মোটরসাইকেলের সামনে ও পেছনে নিবন্ধন নম্বর প্রদর্শনের বিধান বাস্তবায়নে এ উদ্যোগ নেওয়া হয়েছে। খবর সংশ্লিষ্ট সূত্রের।
বিআরটিএর নির্দেশনা অনুযায়ী, সামনের নম্বরপ্লেট তৈরিতে স্টেইনলেস স্টিল অথবা অ্যালুমিনিয়াম ব্যবহার করতে হবে। প্লেটের পটভূমি হবে সাদা এবং বাংলা অক্ষর ও সংখ্যা লিখতে হবে কালো রঙে। এতে কোনো ধরনের নকশা বা অতিরিক্ত শোভাবর্ধক উপাদান রাখা যাবে না।
স্কুটার ও সাধারণ মোটরসাইকেলের মাপ আলাদা
বিআরটিএ স্কুটার ও অন্যান্য মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেটের জন্য পৃথক মাপ নির্ধারণ করেছে। স্কুটারের ক্ষেত্রে প্লেটের দৈর্ঘ্য হতে হবে ২০০ মিলিমিটার এবং প্রস্থ ১০০ মিলিমিটার। অন্যদিকে, স্কুটার ছাড়া অন্যান্য মোটরসাইকেলের প্লেটের দৈর্ঘ্য হবে ২৮৫ মিলিমিটার এবং প্রস্থ ৫০ মিলিমিটার।
উভয় ধরনের নম্বরপ্লেটেই বাংলা অক্ষর ও সংখ্যার উচ্চতা কমপক্ষে ২০ মিলিমিটার রাখতে হবে। স্কুটার ছাড়া অন্যান্য মোটরসাইকেলের নিবন্ধন নম্বর একটি অনুভূমিক রেখায় প্রদর্শন করতে হবে। অর্থাৎ, শুধু নম্বরপ্লেট লাগালেই হবে না; নির্ধারিত মাপ, রং ও লেখার ধরনও অনুসরণ করতে হবে।
সময় আছে ১৫ নভেম্বর পর্যন্ত
বিআরটিএর গণবিজ্ঞপ্তিতে মোটরসাইকেলের মালিকদের নিজ উদ্যোগে নির্ধারিত শর্ত অনুসরণ করে সামনের নম্বরপ্লেট তৈরি ও স্থাপনের নির্দেশনা দেওয়া হয়েছে। আগামী ১৫ নভেম্বরের মধ্যে এ নির্দেশনা বাস্তবায়ন করতে হবে।
নির্ধারিত সময়ের মধ্যে নির্দেশনা পালন না করলে সংশ্লিষ্ট মালিকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হতে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। তবে নির্দেশনা অমান্য করলে ঠিক কত টাকা জরিমানা করা হবে, সে বিষয়ে প্রকাশিত তথ্যের মধ্যে নির্দিষ্ট অঙ্ক উল্লেখ নেই।


