
হুমকি ও নিরাপত্তাহীনতার অভিযোগ; শিশুকে ঘিরে ঘটনায় পাল্টাপাল্টি মামলা, তদন্তে পুলিশ
কন্যাশিশুকে যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে আলোচনার মধ্যে পরিবার নিয়ে গাজীপুরের বাসা ছেড়েছেন শাহজালাল রুমি। সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন মুঠোফোন নম্বর থেকে হত্যার হুমকি পাওয়ার অভিযোগ করেছেন তিনি। স্ত্রী ও দুই সন্তানের নিরাপত্তা নিয়ে উদ্বেগের পাশাপাশি মেয়ের ভবিষ্যৎ নিয়েও শঙ্কিত এই বাবা। তবে বর্তমানে পরিবারের সদস্যরা কোথায় অবস্থান করছেন, তা নিশ্চিত হওয়া যায়নি।
রোববার (২৫ অক্টোবর) টঙ্গীতে রুমির বাসায় গিয়ে দরজায় তালা দেখতে পান এই প্রতিবেদক। ভবনটির কেয়ারটেকার হাবিবুর রহমানের ভাষ্য, গত দুই থেকে তিন দিন ধরে রুমির পরিবারের সদস্যরা বাসায় থাকছেন না। মাদ্রাসার ঘটনাকে কেন্দ্র করে হুমকি ও নিরাপত্তাহীনতার আশঙ্কায় তারা অন্যত্র চলে গেছেন।

হাবিবুর রহমান কালবেলাকে বলেন, রুমি যাওয়ার আগে মেয়ের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগের কথা জানিয়ে গেছেন। শিশুটিও মানসিকভাবে বিপর্যস্ত। পরিবারের নিরাপত্তার কথা বিবেচনা করেই তারা বাসা ছেড়েছেন বলে তার ভাষ্য।
রুমি পেশায় একজন ফেব্রিক ব্যবসায়ী। ব্যবসার সূত্রে ঢাকায় বসবাসের পাশাপাশি বডি বিল্ডিংয়ের সঙ্গেও তার সম্পৃক্ততা রয়েছে। স্ত্রী, আট বছর বয়সী মেয়ে ও চার বছর বয়সী ছেলেকে নিয়ে তিনি বাবার ফ্ল্যাটে থাকতেন। মেয়েকে ভালোভাবে পড়াশোনা করিয়ে মানুষ করার স্বপ্ন থেকেই মাদ্রাসায় ভর্তি করেছিলেন বলে জানিয়েছেন তিনি। কিন্তু সেই শিক্ষাপ্রতিষ্ঠানকে ঘিরে এমন পরিস্থিতির মুখোমুখি হতে হবে, তা ভাবেননি বলে তার বক্তব্যে উঠে এসেছে।
মাদ্রাসার ঘটনাটি সামনে আসার পর সংবাদ সম্মেলন ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়। এর পর থেকে নিজের ও পরিবারের নিরাপত্তা নিয়ে একাধিকবার ফেসবুক লাইভে উদ্বেগ প্রকাশ করেন রুমি। বিভিন্ন ব্যক্তি তাকে হুমকি দিয়েছেন বলেও অভিযোগ করেন তিনি। তবে এসব অভিযোগের স্বতন্ত্র সত্যতা নিশ্চিত হওয়া যায়নি।
পাল্টাপাল্টি মামলা, তদন্তে পুলিশ
শিশুটিকে ঘিরে ঘটনার পর মাদ্রাসা কর্তৃপক্ষ ও রুমির পক্ষ থেকে পৃথক দুটি মামলা করা হয়েছে। একদিকে শিশুর সঙ্গে ঘটে যাওয়া ঘটনার বিচার চেয়ে আইনি লড়াই চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন রুমি। অন্যদিকে, মাদ্রাসা কর্তৃপক্ষের করা মামলায় অর্থ আত্মসাৎ, ভাঙচুরসহ বিভিন্ন অভিযোগের বিষয়টি সামনে এসেছে। দুই পক্ষের অভিযোগের সত্যতা তদন্তের মাধ্যমে নির্ধারিত হবে।
টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফ হোসেন কালবেলাকে বলেন, ‘দুটি মামলাই আমরা গভীরভাবে পর্যবেক্ষণ ও তদন্ত করছি। তদন্ত সাপেক্ষে পুরো বিষয়টি আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে এগিয়ে নেওয়া হচ্ছে।’
তদন্তের স্বার্থে মামলার বিস্তারিত বিষয়ে আপাতত কিছু জানাতে চাননি এই পুলিশ কর্মকর্তা।
মাদ্রাসা ও বাসায় গণমাধ্যমকর্মীদের ভিড়
ঘটনাটি দেশজুড়ে আলোচনায় আসার পর সংশ্লিষ্ট মাদ্রাসা ও রুমির বাসায় গণমাধ্যমকর্মীদের উপস্থিতি বেড়েছে। ঘটনার প্রকৃত তথ্য, দুই পক্ষের বক্তব্য এবং তদন্তের অগ্রগতি জানতে সাংবাদিকেরা সেখানে যাচ্ছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনাটি নিয়ে নানা বক্তব্য ও পাল্টাপাল্টি দাবি ছড়িয়ে পড়ায় বিষয়টি আরও আলোচনায় এসেছে।
তবে অভিযোগ ও পাল্টা অভিযোগের মধ্যে শিশুটির নিরাপত্তা, মানসিক সুস্থতা এবং ভবিষ্যৎ নিয়ে উদ্বেগের বিষয়টিও সামনে এসেছে। তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন এবং সংশ্লিষ্ট সবার নিরাপত্


