
রোববার (৮ নভেম্বর) মধ্যরাতে গুলশানের শুটিং ক্লাবে ‘ওয়েডিং কার্নিভাল’ নামের ফ্যাশন শোর শেষ দিনে এ ঘটনা ঘটে। পাঁচ দিনব্যাপী এ আয়োজনের শেষ পর্বে মঞ্চে পারফর্ম করছিলেন পরীমনি।
পরীমনির পারফরম্যান্সের শেষ পর্যায়ে উপস্থিত দর্শকদের একটি অংশ তাঁকে উদ্দেশ করে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিতে থাকেন। এতে ক্ষুব্ধ হয়ে তিনি মধ্যমা আঙুল প্রদর্শন করেন। তবে অঙ্গভঙ্গিটি দর্শকদের নাকি সাংবাদিকদের উদ্দেশে ছিল, তা নিয়ে ভিন্ন আলোচনা রয়েছে।

ঘটনাকে কেন্দ্র করে অনুষ্ঠানস্থলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি বিবেচনায় শেষ পর্যন্ত অনুষ্ঠানস্থল ত্যাগ করেন পরীমনি। পরে বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমেও আলোচনার জন্ম দেয়।
এদিকে, ঘটনার পর নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে একটি স্ট্যাটাস দেন অভিনেত্রী। সেখানে অনুষ্ঠানের অব্যবস্থাপনা ও বিশৃঙ্খলার জন্য আয়োজকদের দায়ী করেন তিনি।
এর আগে গুলশানে নিজের গাড়ি ভাঙচুরের অভিযোগ তুলে ফেসবুক লাইভে এসেছিলেন পরীমনি। তবে সে সময় ঘটনাস্থলে উপস্থিত সাংবাদিকদের দাবি ছিল, তাঁর গাড়িটি অক্ষত ছিল। ওই ঘটনাকে কেন্দ্র করেও অভিনেত্রীর সঙ্গে সাংবাদিকদের উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছিল।
সাম্প্রতিক ঘটনাটি ঘিরে পরীমনির আচরণ, অনুষ্ঠান ব্যবস্থাপনা এবং দর্শকদের প্রতিক্রিয়া নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।


