
সম্প্রতি নতুন সাজে তোলা কয়েকটি স্থিরচিত্র সামাজিক মাধ্যমে প্রকাশ করেছেন জয়া আহসান। ছবিগুলোতে তাঁর স্নিগ্ধ বাঙালি সাজ নজর কেড়েছে ভক্ত-অনুরাগীদের। মন্তব্যের ঘরে অনেকেই তাঁর সাজ ও ছবির প্রশংসা করেছেন।
ছবিতে জয়ার পরনে দেখা গেছে অফহোয়াইট রঙের সুতি শাড়ি। শাড়ির পাড়জুড়ে রয়েছে ধূসর-গোলাপি রঙের নকশা। শাড়ির সঙ্গে সামঞ্জস্য রেখে সাজানো হয়েছে ব্লাউজও। কানে ভারী দুল, হাতে অলংকার আর খোলা চুলে বেলিফুলের গাজরা—সব মিলিয়ে ঐতিহ্যবাহী বাঙালি সাজে ধরা দিয়েছেন অভিনেত্রী।

ছবিগুলোতে কখনো পেছন ফিরে চুলের বেলিফুলের গাজরা দেখিয়েছেন, আবার কখনো মুচকি হাসিতে ক্যামেরার দিকে তাকিয়ে পোজ দিয়েছেন তিনি। ভিন্ন ভিন্ন ভঙ্গিতে তোলা ছবিগুলোতে ফুটে উঠেছে তাঁর স্নিগ্ধ উপস্থিতি।
এর আগে একই সাজে একটি ভিডিও সামাজিক মাধ্যমে প্রকাশ করেছিলেন জয়া। এবার সেই সাজের স্থিরচিত্র প্রকাশ করে ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন মুহূর্তগুলো।
ছবির ক্যাপশনে বাউলসম্রাট শাহ আবদুল করিমের জনপ্রিয় গানের কয়েকটি পঙ্ক্তি জুড়ে দিয়েছেন অভিনেত্রী। তিনি লিখেছেন, ‘সখী তোরা প্রেম করিও না, পিরিত ভালা না, প্রেম করছে যে জন জানে, সে জন পিরিতের কি বেদনা।’
জয়ার এই কাব্যিক ক্যাপশন ও ঐতিহ্যবাহী সাজ ঘিরে সামাজিক মাধ্যমে ভক্তদের আগ্রহ তৈরি হয়েছে। অভিনয়ের পাশাপাশি নিজস্ব ফ্যাশনবোধ দিয়েও যে তিনি ভক্তদের নজর কাড়তে পারেন, নতুন ছবিগুলোতে আবারও তার প্রমাণ মিলেছে।


