
পদ্মা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় রাজশাহী মহানগরীর নদীতীরবর্তী ও নিম্নাঞ্চলে বসবাসরত মানুষের দুর্ভোগ বেড়েছে। এমন পরিস্থিতিতে বন্যাদুর্গত পরিবারের পাশে দাঁড়িয়েছেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মো. মাহফুজুর রহমান রিটন।
বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে নগরীর ২৪ নম্বর ওয়ার্ডের তালাইমারি শহীদ মিনার সংলগ্ন নদীতীরবর্তী এলাকায় গিয়ে বন্যাদুর্গত পরিবারের মধ্যে ত্রাণসামগ্রী ও জরুরি ওষুধ বিতরণ করেন তিনি। এ সময় তিনি নিজ হাতে এসব সহায়তা তুলে দেন এবং ক্ষতিগ্রস্ত মানুষের সঙ্গে কথা বলে তাদের দুর্ভোগের কথা শোনেন।

ত্রাণ বিতরণকালে মাহফুজুর রহমান রিটন বলেন, ‘বিপদের সময়ে মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। পদ্মা নদীর পানি বৃদ্ধির কারণে যারা দুর্ভোগে পড়েছেন, তাদের কষ্ট আমরা উপলব্ধি করছি। সিটি করপোরেশনের পক্ষ থেকে আমরা বন্যার্তদের পাশে দাঁড়িয়েছি। বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও তাদের পাশে রয়েছে।’
তিনি আরও বলেন, ‘এই সময়ে কেউ যেন নিজেকে অসহায় মনে না করেন। মানবিক সহায়তা নিয়ে আমরা তাদের পাশে আছি এবং আগামীতেও পাশে থাকব। বন্যাকবলিত প্রতিটি পরিবারের কাছে ত্রাণসামগ্রী পৌঁছে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। নদীর তীরবর্তী ও নিম্নাঞ্চলে বসবাসরত মানুষের দুর্ভোগ লাঘবে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখা হবে।’
এ সময় রাজশাহী সিটি করপোরেশনের সচিব সোহেল রানা, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মো. মামুনসহ করপোরেশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ ছাড়া রাজশাহী মহানগর বিএনপির সহসভাপতি আসলাম সরকার, মুক্তার হোসেন ও জয়নাল আবেদীন, সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মিলু, বোয়ালিয়া থানা পূর্ব বিএনপির সভাপতি আশরাফুল ইসলাম নিপু, মহানগর বিএনপির দপ্তরের দায়িত্বে থাকা মুঈদুর রহমান মঈদ, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব আসাদুজ্জামান জনি, মহানগর মৎস্যজীবী দলের সভাপতি জাকের আলী শান্তি, যুবদলের যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন বিপ্লব, ২৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. লিটন, সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম রঞ্জু, ছাত্রদলের সাবেক সভাপতি আকবর আলী জ্যাকি, সাবেক সাধারণ সম্পাদক সৌরভসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


