
নিজস্ব প্রতিবেদক
দেশ গঠনে দলের নেতা-কর্মীদের চারটি বিশেষ আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, এসব কাজে অংশগ্রহণের মাধ্যমে নেতা-কর্মীরা নিজেদের ‘সাচ্চা কর্মী’ হিসেবে প্রমাণ করার পাশাপাশি দেশ গঠনেও সরাসরি ভূমিকা রাখতে পারবেন।

শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এসব আহ্বান জানান তিনি। ‘করবো কাজ, গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে এ সভার আয়োজন করা হয়।
তারেক রহমানের চার আহ্বানের মধ্যে রয়েছে—বৃক্ষরোপণ, খাল খনন, পরিচ্ছন্নতা অভিযান এবং দলের ভাবমূর্তি রক্ষায় নেতা-কর্মীদের সতর্ক থাকা।
২৫ কোটি বৃক্ষরোপণের আহ্বান
দেশের পরিবেশ রক্ষায় আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের পরিকল্পনার কথা তুলে ধরে বিএনপি চেয়ারম্যান বলেন, শহীদ জিয়াউর রহমান ও দেশনেত্রী খালেদা জিয়ার বৃক্ষরোপণ কর্মসূচির ধারাবাহিকতায় এ পরিকল্পনা বাস্তবায়ন করতে হবে।
দলের প্রত্যেক নেতা-কর্মীকে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিয়ে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।
২০ হাজার কিলোমিটার খাল খনন
শহীদ জিয়াউর রহমানের ঐতিহাসিক খাল খনন কর্মসূচির কথা স্মরণ করে তারেক রহমান বলেন, বর্তমান সরকার এ কর্মসূচি পুনরায় চালু করেছে। আগামী পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার খাল খননের লক্ষ্য রয়েছে।
তিনি বলেন, ‘বিএনপির একজন কর্মী হিসেবে আপনারা নিজ নিজ এলাকায় এই কর্মসূচিতে অংশ নিয়ে গর্বের সঙ্গে দেশ গঠনে ভূমিকা রাখুন।’
এলাকা পরিচ্ছন্ন রাখার আহ্বান
দলের ১১টি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের নিজ নিজ এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান বিএনপি চেয়ারম্যান।
তিনি বলেন, গ্রাম থেকে পৌরসভা—সব জায়গায় ময়লা-আবর্জনা পরিষ্কারে জনগণকে উৎসাহিত করতে হবে। সম্মিলিত উদ্যোগের মাধ্যমে দেশকে সুন্দর করে গড়ে তুলতে হবে।
দলের নাম ব্যবহার করে মানুষের কষ্ট নয়
দলের ভাবমূর্তি রক্ষায় নেতা-কর্মীদের কঠোরভাবে সতর্ক করে তারেক রহমান বলেন, জাতীয়তাবাদী শক্তির প্রত্যেক নেতা-কর্মীকে সতর্ক থাকতে হবে।
তিনি বলেন, ‘আমার এই প্রিয় দলের নাম ব্যবহার করে কেউ যেন এমন কোনো কাজ করতে না পারে, যে কাজে মানুষের কষ্ট হয়। দলের ভাবমূর্তি রক্ষায় সবাইকে সজাগ থাকতে হবে।’
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীর সভাপতিত্বে সভায় সঞ্চালনা করেন কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।
সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আবদুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, সেলিমা রহমান, ডা. এ জেড এম জাহিদ হোসেনসহ দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
সভার শুরুতে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়াসহ সব শহীদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর প্রতিষ্ঠিত বিএনপি প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পাঁচ দিনের কর্মসূচি পালন করছে।


