
দুই সন্তানকে বাঁচাতে এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে ছুটেছেন বাবা মোহাম্মদ কবির ও মা আয়েশা বেগম। ধারদেনা করে চিকিৎসার ব্যবস্থা করেছেন। কিন্তু শেষ পর্যন্ত কিছুতেই রক্ষা হয়নি দুই সন্তানের প্রাণ। মাত্র দুই দিনের ব্যবধানে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দুই ছেলেকে হারিয়ে শোকে বাকরুদ্ধ এই দম্পতি।
রোববার (৮ নভেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে ১০ মাস বয়সী ছোট ছেলে মোহাম্মদ আবু বক্কর আরবের মৃত্যুর খবর জানান বাবা মোহাম্মদ কবির।

তিনি বলেন, ‘ভাই, আমার ছোট ছেলেটাও চলে গেছে। আধঘণ্টা আগে তাকে ডাক্তার মৃত ঘোষণা করেন। আমি কী নিয়ে থাকব এখন?’
রাত ১টা ১০ মিনিটে চট্টগ্রাম মা ও শিশু জেনারেল হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যায় আবু বক্কর আরব। ডেঙ্গুর পাশাপাশি শিশুটি হাম ও নিউমোনিয়ার উপসর্গেও ভুগছিল বলে জানা গেছে।
এর আগে গত শুক্রবার (৬ নভেম্বর) সকালে একই হাসপাতালে মারা যায় আরবের বড় ভাই ১০ বছর বয়সী মোহাম্মদ আরাফাত। চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, আরাফাতও ডেঙ্গুতে আক্রান্ত ছিল। পরবর্তী সময়ে তার শরীরেও হাম ও নিউমোনিয়ার উপসর্গ দেখা দেয়।
পরিবার সূত্রে জানা যায়, গত দুই সপ্তাহ ধরে অসুস্থ দুই সন্তানকে নিয়ে এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে ছুটে বেড়িয়েছেন কবির ও তাঁর স্ত্রী আয়েশা বেগম। বড় ছেলে আরাফাতকে প্রথমে সাউদার্ন মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে তাকে ইমপেরিয়াল হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে শেষ পর্যন্ত চট্টগ্রাম মা ও শিশু জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছিল। কিন্তু চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে শুক্রবার মারা যায় আরাফাত।
সন্তানদের চিকিৎসার জন্য ধারদেনা করে অর্থ জোগাড় করেছিলেন কবির ও আয়েশা। একের পর এক হাসপাতালে ছুটেছেন, চিকিৎসার সর্বোচ্চ চেষ্টা করেছেন। কিন্তু দুই দিনের ব্যবধানে দুই সন্তানকে হারিয়ে এখন শোকের ভারে ভেঙে পড়েছেন তাঁরা।


