
আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীসহ আদালতে সোপর্দ
তানোর (রাজশাহী) প্রতিনিধিঃ রাজশাহীর তানোরে সন্ত্রাসবিরোধী আইন ২০০৯-এর মামলায় এজাহারনামীয় পাঁচ আসামিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। মঙ্গলবার (১০ নভেম্বর) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় ধারাবাহিক বিশেষ অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে স্থানীয় আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মী রয়েছেন বলে এজাহার সূত্রে জানা গেছে।

পুলিশ জানায়, তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাহমুদুল হাসানের সার্বিক দিকনির্দেশনায় পুলিশের একটি চৌকস দল মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার বিভিন্ন পয়েন্টে অভিযান পরিচালনা করে তাঁদের গ্রেপ্তার করে।
এ ঘটনায় সন্ত্রাসবিরোধী আইন ২০০৯-এর ৬/৯/১০/১১/১২/১৯ ধারায় তানোর থানায় একটি মামলা রুজু করা হয়েছে (মামলা নং-৬, জিআর নং-২৭৫, তারিখ: ১০/১১/২০২৬ ইং)।
গ্রেপ্তারকৃতরা হলেন—তানোর উপজেলার কুজিশহর গ্রামের কামরুল ইসলামের ছেলে মোঃ রাব্বিউল হোসেন (৩৩, এজাহারনামীয় ১২ নম্বর আসামি), নলকুড়িয়া গ্রামের আয়নাল হকের ছেলে মোঃ শিশির (৩৫, এজাহারনামীয় ২২ নম্বর আসামি), সুখদেবপুর গ্রামের মৃত এনামুল আলমের ছেলে মোঃ এহতাজ আলী (৬১, এজাহারনামীয় ৩২ নম্বর আসামি ও স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি), মাদারীপুর গ্রামের মৃত বরকত মন্ডলের ছেলে মোঃ হাবিব মন্ডল (৪১, এজাহারনামীয় ৩৩ নম্বর আসামি ও কামারগাঁ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি) এবং রায়তান গ্রামের মোঃ জামান উদ্দিনের ছেলে মোঃ নাসিম ইসলাম (২১, এজাহারনামীয় ৩৪ নম্বর আসামি ও চান্দুড়িয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি)।
তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাহমুদুল হাসান জানান, সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলার এজাহারভুক্ত পাঁচ আসামিকে রাতেই গ্রেপ্তার করা হয়েছে। বুধবার সকালে তাঁদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
তিনি আরও জানান, মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে এবং এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।


